হিলি সীমান্তে শিশুসহ ১২ জন আটক
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে শিশুসহ নয়জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে হিলি চেকপোস্ট ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।
একই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গত বৃহস্পতিবার তিনজনকে আটক করা হয়েছে। গতকাল আটক হওয়া ব্যক্তিরা হলেন পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের সুকুমার, তাঁর স্ত্রী অঞ্জলী ও মেয়ে কুমারী পূজা, বেড়া উপজেলার নগরবাড়ী বসন্তপুর গ্রামের দুলা রানী ঘোষ, সাঁথিয়া সদরের শ্যামল, মধুর স্ত্রী আলেফা রানী ও তাঁর মেয়ে কৃষ্ণা, কণা, ছেলে চঞ্চল।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, দুপুরে আটক হওয়া ব্যক্তিরা হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে বিজিবি ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নওগাঁর বদলগাছী উপজেলার দৌলতপুর গ্রামের আবদুর রাজ্জাক ও রাজীব হোসেন এবং পাহাড়পুরের রুবেল হোসেনকে (২৮) আটক করে। এ ব্যাপারে হাকিমপুর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।