হিলি স্থলবন্দর এলাকা এখনো পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানি না নামায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকা এখনো পানির নিচে। গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ ছিল। তবে বিকেলে তা আবার শুরু হয়।গত সোমবার থেকে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে এই বন্দর ও আশপাশের এলাকায় বন্যা দেখা দেয়। ফলে এলাকার প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কাঁচামাল আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, বন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টে ছাউনির নিচে ট্রাক রেখে পণ্য ওঠানো-নামানোর ব্যবস্থা না থাকায় পচনশীল পণ্য ওঠানো-নামানোর কাজ ব্যাহত হচ্ছে।সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, স্থলবন্দরের চেকপোস্ট, চারমাথা মোড়, সিপি রোড, বাস টার্মিনাল, ধরন্দা রোড, পানামা পোর্ট ও বন্দর এলাকার প্রধান রাস্তাসহ বিভিন্ন রাস্তাঘাট দুই থেকে তিন ফুট পানির নিচে। বেসরকারি বেশ কয়েকটি গুদামে পানি উঠেছে। বন্দরের আশপাশের এলাকার একটি কলেজ, তিনটি বিদ্যালয়, বিটিসিএলের কার্যালয় ও পাঁচ শতাধিক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এতে ওই এলাকার প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় আকতার হোসেন ও সুলতান মাহমুদ বলেন, বন্যার কারণে বন্দরে যানবাহন চলাচল ব্যাহত এবং এলাকার লোকজনকে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তায় মাঝেমধ্যে যানবাহন আটকে যানজট তৈরি হচ্ছে। পানামা হিলি পোর্ট সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দরে আমদানি-রপ্তানিসহ পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হয়।বন্দরের সহকারী কমিশনার (কাস্টমস) মিনহাজ উদ্দীন পাহলোয়ান বলেন, এখনো রাস্তাঘাটগুলো হাঁটুসমান পানির নিচে রয়েছে। এ কারণে ভারতীয় পণ্যবাহী ট্রাকচালকেরা আসতে ভয় পাচ্ছেন। বিশেষ করে পেঁয়াজ, কাঁচা মরিচসহ পচনশীল পণ্যের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।