হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি আজ থেকে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।ভারতের হিলি শুল্ক কার্যালয়ের পরিবর্তে মালদা শুল্ক কার্যালয় থেকে পণ্য রপ্তানির অনুমতি নেওয়ার নির্দেশের প্রতিবাদে সে দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।ভারতের হিলির এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডল গত বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, এত দিন বাংলাদেশে পণ্য রপ্তানিতে হিলি শুল্ক কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক অনুমতি নেওয়া যেত। কিন্তু সম্প্রতি এখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের মালদা শুল্ক কার্যালয় থেকে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই নির্দেশ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার পর্যন্ত শুল্ক কর্তৃপক্ষকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবি মেনে নেয়নি।ভারতের হিলির রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স মারুতি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী পাপ্পু আগওয়াল বলেন, মালদা শুল্ক কার্যালয়ে গিয়ে অনুমতি নিতে হলে সময়মতো পণ্য রপ্তানি করা সম্ভব হবে না। এতে অনেক পণ্য নষ্ট হবে। ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্যই সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দর ও শুল্কবিষয়ক সম্পাদক জামিল হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে ভারতের ব্যবসায়ীদের এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।