হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের হুঁশিয়ারি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পণ্যের চালানের ম্যানিফেস্টে হঠাৎ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিল দেওয়ার প্রতিবাদে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমদািন-রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও হিলি স্থলবন্দর আমদািন-রপ্তানিকারক গ্রুপ৷
গত রোববার সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, গত ২৭ এপ্রিল থেকে হঠাৎ বিজিবি ক্যাম্পের সদস্যরা হিলি চেকপোস্টের শূন্য রেখায় আমদানিকৃত পণ্যের চালানে ম্যানিফেস্টোর কপির বিপরীত পাতায় সিল দিয়ে সেখানে তারিখ ও সময় উল্লেখ করে তালিকাভুক্ত করে পণ্য ছাড় করছেন৷ যা কাস্টমস আইনবহির্ভূত৷ এতে পণ্য আমদানি ও রপ্তানির কাজে সময়ক্ষেপণ হচ্ছে এবং স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটছে৷ সংবাদ সম্মেলনে তাঁরা বিজিবির সিল মারা বন্ধ না হলে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ করার ঘোষণা দেন৷
গতকাল মঙ্গলবার যোগাযোগ করা হলে আবদুর রহমান ও হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন-উর-রশিদ বলেন, বিজিবি যেহেতু তঁাদের দাবি মানেনি, সেহেতু আগামীকাল (আজ) থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে৷
গত সোমবার বেলা ১১টায় হিলি সিপি ক্যাম্পে বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় জানান, কাস্টমস আইন মেনেই বিজিবি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ম্যানিফেস্টোর পেছনে সিল মারার কাজটি সম্পন্ন করছেন৷ বিজিবি সাধারণ তল্লাশির গুণগত মান বৃদ্ধি করাই এর লক্ষ্য৷ এখানে কোনো ব্যবসায়ীকে হয়রানিও করা হচ্ছে না৷