হিলি স্থলবন্দরে কার্যক্রম স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও উত্তরের দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি এখন প্রায় শূন্যে এসে ঠেকেছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য কমে যাওয়ায় স্থানীয় আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ও শ্রমিকেরা শঙ্কিত হয়ে পড়েছেন। দুই বছর আগে বেসরকারি ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালু হলেও বন্দরটি আজও লাভের মুখ দেখেনি। এর আগে এ বন্দর দিয়ে প্রতিদিন দুই শতাধিক পণ্যবাহী ট্রাক দেশে ঢুকলেও এখন ২৫-৩০টির বেশি আসে না।তবে ব্যবসায়ী নেতারা পণ্য আমদানি কমে যাওয়ার কারণ হিসেবে বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় ভারত থেকে আমদানিযোগ্য পণ্যের দাম ও দেশীয় একই পণ্যের দামে খুব একটা ফারাক নেই। তাই লোকসানের ভয়ে ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দিয়েছেন। আর তাতেই বন্দরে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া অন্যান্য বন্দরের মতো সুযোগ-সুবিধা পাচ্ছেন না এখানকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা যে পরিমাণ পণ্য আমদানি করছেন তা বিগত সময়ের চেয়ে অনেক কম। তাঁরা অভিযোগ করেন, স্থানীয় শুল্ক কর্মকর্তা আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণে (সিআরএফ) জটিলতা সৃষ্টি করায় পণ্য খালাসে একদিনের জায়গায় পাঁচ-ছয় দিন সময় লাগে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। ফলে এ বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানিতে আগ্রহ হারিয়ে ফেলছেন ব্যবসায়ীরা।হিলি স্থলবন্দর সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি চালুর লক্ষ্যে ১৯৮৬ সালে হিলি শুল্ক স্টেশন প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই এ পথ দিয়ে সীমান্ত বাণিজ্য শুরু হয়। ১৯৯৬ সালে তত্কালীন আওয়ামী লীগ সরকার ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য হিলি শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ২০০৫ সালে স্থলবন্দরের কার্যক্রম গ্রহণ করে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান। বন্দরটি ২৫ বছরের জন্য ইজারা নেয় তারা। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার হিলি শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে বাস্তবায়ন করে এবং একই বছরের ২৬ নভেম্বর হিলি পূর্ণাঙ্গ স্থলবন্দরের যাত্রা শুরু হয়।পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বহু আশা নিয়ে ২০০৭ সালের ২৬ নভেম্বর বেসরকারি ব্যবস্থাপনায় হিলি স্থলবন্দরের যাত্রা শুরু হয়। উদ্বোধনের পর থেকে বন্দরে ব্যবসা-বাণিজ্য পুরোদমে চালুও হয়। কিন্তু এক বছর যেতে না যেতেই প্রতিষ্ঠানটি একটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ায় চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। গত বছর পোর্টের লোকসান হয়েছে প্রায় চার কোটি টাকা। এ কারণে গত ১৫ ডিসেম্বর পোর্টে কর্মরত ৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে তিন মাসের জন্য অবৈতনিক ছুটি দেওয়া হয়েছে। আশা করা যায়, তিন মাসের মধ্যে সংকট কাটিয়ে উঠলে ওই কর্মকর্তা-কর্মচারীরা আবার প্রতিষ্ঠানে যোগদান করবেন।বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মুশফিকুর রহমান চৌধুরী এবং রবিউল ইসলাম বলেন, ভারতের বাজারে পণ্যের দাম বেশি। দেশি ও ভারতীয় একই পণ্যের দামে খুব একটা পার্থক্য নেই। তাই ব্যবসায়ীরা লোকসানের ভয়ে পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন। তাঁরা অভিযোগ করেন, স্থানীয় শুল্ক কর্মকর্তারা তিন লাখ টাকার ওপর আমদানি পণ্যের দাম নির্ধারণে সিদ্ধান্ত দিতে পারেন না। তাঁদের ফাইল পাঠাতে হয় রাজশাহী কাস্টমস কমিশনারের কাছে। এতে পণ্য ছাড়ে বাড়তি সময় ব্যয় হয়। পণ্য আমদানি কমে যাওয়ায় বন্দরের শতাধিক সিঅ্যান্ডএফ এজেন্টের মধ্যে ইতিমধ্যে অনেকেই ব্যবসা গুটিয়ে নিয়েছেন। বন্দরের শ্রমিক নেতা নূর ইসলাম, উমর মল্লিক জানান, বন্দরে ব্যবসা কমে যাওয়ায় এ কাজের সঙ্গে যুক্ত প্রায় দুই হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এরই মধ্যে অনেক শ্রমিক কাজ না পেয়ে বন্দর ছেড়ে চলে গেছে।বন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট শাহারুল হুদা প্রথম আলোকে বলেন, এক বছর আগেও ১৩০-১৫০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে আসত। এখন সেখানে ৩০টির মতো ট্রাক আসছে। বর্তমানে এ বন্দর দিয়ে পেঁয়াজ, ভুট্টা, খৈল, আলু, মাছ, মসুর ডাল, কাঁচা মরিচ, ভুসি, সাইকেলের যন্ত্রাংশ, ফলমূল নিয়মিত আমদানি হচ্ছে। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দুই-একটি পণ্যের মূল্য যাচাইয়ের জন্য রাজশাহীতে ফাইল পাঠানো হয়। যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত পাওয়ার পর পণ্য খালাস করা হয়।