হিলি স্থলবন্দরে বন্যা
তিন দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে বন্যা দেখা দিয়েছে। এতে গতকাল বুধবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে।বন্দরের ব্যবসায়ীরা জানান, বন্যার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে।গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট, চারমাথা মোড়, সিপি রোড, বাস টার্মিনাল, ধরন্দা রোড, পানামা পোর্ট ও বন্দর এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন রাস্তা দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে।বন্দর এলাকার একটি কলেজ, তিনটি বিদ্যালয় ও টিঅ্যান্ডটি কার্যালয়সহ পাঁচ শতাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। বন্দর এলাকার প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন দিনের টানা ভারী বর্ষণ ও ভারত থেকে পানি নেমে আসায় বন্যা দেখা দিয়েছে।বন্দরের ব্যবসায়ীরা জানান, বেসরকারি কয়েকটি গুদামে পানি উঠে যাওয়ায় আমদানি করা ভুট্টা ও খৈল নষ্ট হয়ে গেছে।বন্দরের কাস্টমস সহকারী কমিশনার মিনহাজ উদ্দীন পাহলোয়ান বলেন, রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় গতকাল দুপুরের পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে হয়েছে। পানামা হিলি পোর্ট সূত্র জানায়, পণ্য ওঠানো-নামানোর কাজ সকালের দিকে বন্ধ থাকলেও দুপুরের পর স্বাভাবিক হয়েছে।