হিলি স্থলবন্দরে বন্যা ৩০ গুদামে পানি
টানা বর্ষণ আর ঢলের পানিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এতে বন্দরের প্রধান সড়ক, গুদামঘর, হাসপাতাল, ব্যাংক, স্কুল-কলেজ ও বাস টার্মিনাল দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থলবন্দরের পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে।গত শনি ও রোববার দুই দিনের বৃষ্টিতে বন্দরের প্রধান প্রধান সড়ক সিপি রোড, চারমাথা, হাসপাতাল, স্কুল-কলেজ রোড, বাস টার্মিনাল ও বাজার রোড দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। বন্দরের ২৫ থেকে ৩০টি গুদামে পানি ঢুকে পড়ায় আমদানি করা খৈল, ভুসি ও ভুট্টা পানিতে নষ্ট হয়ে গেছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাস টার্মিনালে পানি ওঠায় হিলি থেকে জয়পুরহাট, বগুড়া ও দিনাজপুরে চলাচলকারী বাসগুলো অন্য স্থান থেকে চলাচল করছে। এতে সাধারণ যাত্রীরা বিড়ম্বনার মধ্যে পড়েছেন।পৌর এলাকার চণ্ডীপুর, জোলাপাড়া, ফকিরপাড়া, চামড়া গুদাম, কালীগঞ্জ, মুহড়াপাড়াসহ প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, পৌর এলাকার বন্যার পানি যাতে দ্রুত নেমে যায়, সে ব্যাপারে পৌর মেয়রকে পরামর্শ দেওয়া হয়েছে।