হিলি স্থলবন্দরে যাওয়ার সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কজুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গা ভেঙে এবড়োখেবড়ো হয়ে আছে। এতে এক ঘণ্টার পথ অতিক্রম করতে তিন থেকে চার ঘণ্টা লেগে যায়। সড়কের বেশির ভাগ জায়গা উঁচু-নিচু হয়ে থাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরাও এসব কারণে সীমাহীন দুর্ভোগ পোহান। এ করুণ অবস্থা দিনাজপুরের হিলি স্থলবন্দরের সঙ্গে যুক্ত হিলি-পাঁচবিবি-জয়পুরহাট সড়কের।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জয়পুরহাট জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দশক আগে ২১ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণ করা হয়। সর্বশেষ ২০০০-০১ অর্থবছরে এ সড়কের সংস্কারকাজ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে বড়পুকুরিয়ায় উত্তোলিত কয়লা, মধ্যপাড়ার কঠিন শিলা প্রকল্পের পাথর এবং পঞ্চগড় জেলার ভোজনপুরের ডালিয়া থেকে সংগ্রহ করা পাথর ট্রাকযোগে পরিবহন করা হয়। এ ছাড়া যমুনা সেতু চালু হওয়ার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য অনেকাংশে বেড়ে যাওয়ায় এ সড়কে অতিরিক্ত ওজনের পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের চাপ বেড়ে গেছে।সরেজমিন দেখা গেছে, বর্তমানে এ সড়কের বেশির ভাগ স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তা দেবে এক পাশ ঢালু হয়ে গেছে।জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ সড়কে প্রতিদিন নিয়মিত আন্তজেলার ৮০টি বাস, রাজধানীগামী ২০টি কোচ ও ট্রাকসহ তিন হাজার যানবাহন চলাচল করে। ধারণক্ষমতার অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক চলাচল করায় সড়কটির অবস্থা এখন খুব খারাপ। তিনি সড়কটি আন্তজেলা সড়ক থেকে জাতীয় সড়কে উন্নীত করার দাবি জানান।সওজের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, সড়কটির গুরুত্ব বিবেচনা করে জাতীয় সড়কে উন্নীত করার সুপারিশসহ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এখনো সুফল পাওয়া যায়নি। আন্তজেলা শ্রেণীর এ সড়কটি এখন সওজের কোনো প্রকল্পের আওতায় নেই। তাই বরাদ্দের অভাবে স্থায়ীভাবে এ সড়কের সংস্কারের কাজ করা যাচ্ছে না।জয়পুরহাট-১ আসনের সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সড়কটি জাতীয় সড়কে উন্নীত করার চেষ্টা করবেন।