হিলি স্থলবন্দরের আন্দোলন প্রত্যাহার
দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা পাঁচ দিন অবরোধ ও দুই দিন হরতাল চলার পর অনির্দিষ্টকালের জন্য ডাকা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা৷
আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর রেজা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন৷
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট) সাংসদ শিবলী সাদিকের কাছে হিলি স্থলবন্দরের চলমান সংকটের বিষয়ে জানতে চান৷ সাংসদ প্রধানমন্ত্রীর কাছে আন্দোলনকারীদের দাবিদাওয়া তুলে ধরেন৷ প্রধানমন্ত্রী দুই সপ্তাহের মধ্যে তাঁদের দাবি বিবেচনার আশ্বাস দেন৷ পাশাপাশি আন্দোলন প্রত্যাহার করে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার আহ্বান জানান৷
সাংসদ শিবলী সাদিক বিষয়টি মুঠোফোনে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদকে জানান৷
এরপর প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়৷