হিলি স্থলবন্দরের কার্যক্রম গতিশীল করতে সভা
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের কার্যক্রম গতিশীল করতে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট অ্যান্ড ট্রানশিপমেন্টের সভা হয়েছে। হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সভাকক্ষে গতকাল শনিবার ওই সভা হয়।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড সূত্রে জানা গেছে, বন্দরের বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ ও তা নিরসন করে বন্দরের কার্যক্রম গতিশীল করতে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ওই সভা হয়। এর আগে গতকাল সকালে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্টের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী প্রতিনিধিদল ও ভারতের ব্যবসায়ী দল হিলি স্থলবন্দরে এলে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট, ট্রাক মালিক গ্রুপ ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়।
ওই সভায় হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী, পানামা হিলি পোর্টের ব্যবস্থাপক এস এম হায়দার, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তারিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশীদ হারুন, ভারতের মালদা চেম্বার অব কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা, হিলি এক্সপোর্টার অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি অশোক আগারওয়াল, সম্পাদক অশোক কুমার মণ্ডল, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোসাদ্দেক হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল হাকিম মণ্ডল, হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আবদুল ওয়াহেদ বলেন, হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম, বন্দরের বিরাজমান বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, নিরসন ও বন্দরের কার্যক্রম গতিশীল করতে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে ওই সভা হয়েছে। বন্দরের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হবে। হিলি স্থলবন্দরকে আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি ভিত্তি হিসেবে গড়ে তুলতে এফবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।