হিলি স্থলবন্দরের ছয়টি রাস্তায় বড় বড় গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ ছয়টি রাস্তার কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। গত চার-পাঁচ দিনের টানা বর্ষণে রাস্তাগুলোর অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। বন্দরের গুরুত্বপূর্ণ এসব রাস্তা হলো—সিপি রোড, চারমাথা, ধরন্দা, ডাংগাপাড়া, বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদ রোড।গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বন্দরের জনবহুল রাস্তা সিপি রোডের টেম্পো মোড়ের ফয়জুন মার্কেটের পশ্চিম পাশের ভাঙা রাস্তায় দিনাজপুরের দিকে যাওয়ার পথে আমদানি করা খৈলবোঝাই একটি ট্রাক আটকে আছে। রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হলে ২০ মিনিট চেষ্টার পর ট্রাকটি উদ্ধার করা হয়। এতে পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তার অবস্থা আরও খারাপ। এই দুই কিলোমিটার রাস্তায় ছোট-বড় প্রায় ৪০টি গর্ত আছে। বিশেষ করে স্টার কেব্ল নেটওয়ার্কের সামনের রাস্তায় দেড়-দুই ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ভারত-বাংলাদেশ চেকপোস্ট গেট থেকে বন্দরের পানামা পোর্ট হয়ে ডাংগাপাড়া ও ধরন্দা রাস্তায় অসংখ্য ছোট-বড় গর্ত। স্থানীয় বাসিন্দা মো. সোহরাব হোসেন মল্লিক, মো. আকতার হোসেন, মোছা. রাজিয়া সুলতানা জানান, হাকিমপুর পৌরসভার ভেতরে অবস্থিত হিলি স্থলবন্দর। দেশের অর্থনীতিতে একটু হলেও বন্দরটি ভূমিকা রাখছে। কিন্তু পৌরসভাসহ বন্দরের রাস্তাঘাট উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম আজাদ বলেন, সরকার এখান থেকে প্রতিবছর এক-দেড় শ কোটি টাকা রাজস্ব আয় করে। কিন্তু আট-দশ বছর ধরে বন্দরের রাস্তাঘাটের তেমন কোনো সংস্কার বা মেরামত করা হয়নি। এ কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম মাঝেমধ্যেই ব্যাহত হচ্ছে। বন্দর ব্যবহারকারী মো. মোস্তফা কামাল ও মো. রবিউল ইসলাম বলেন, প্রতিদিন পণ্যবাহী শতাধিক ট্রাক ছাড়াও বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। রাস্তাগুলো ভারী যানবাহন চলাচলের উপযোগী না হওয়ায় এ অবস্থা হয়েছে। প্রায় সময় ট্রাকগুলো গর্তে আটকে গেলে চারমাথা, বাসস্ট্যান্ড ও পানামা পোর্টের সামনে যানজটের সৃষ্টি হয়। পৌর মেয়র মো. সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, পৌর এলাকার মধ্যে হিলি স্থলবন্দর হলেও প্রধান রাস্তাগুলো এলজিইডির তত্ত্বাবধানে রয়েছে। এসব রাস্তা সংস্কারের জন্য স্থানীয় এলজিইডি কার্যালয়ে একাধিক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। তবে পৌরবাসীর চলাচলের জন্য ইটবালু দিয়ে রাস্তার গর্তগুলো ভরাট করা হবে। হাকিমপুর উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন বলেন, ‘এসব রাস্তা ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচলের কারণে রাস্তাগুলোর এ অবস্থা হয়েছে। পৌরসভা থেকে কোনো চিঠি পাইনি। তবে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বর্ষার কারণে ঠিকাদার কাজ শুরু করতে পারছেন না। যত দ্রুত কাজ হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।’