হিলিতে আটকে আছে ভারতের পেঁয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজ
পেঁয়াজ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পেঁয়াজবোঝাই বেশ কয়েকটি  ট্রাক আজ শুক্রবার সকাল থেকে আটকে আছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভারত রপ্তানি মূল্য বাড়ানোয় পেঁয়াজগুলো আমদানি করেনি বন্দর কর্তৃপক্ষ।
কাস্টমসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতেও ৬৫০ ডলারে বন্দর দিয়ে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করেছেন। কিন্তু ব্যবসায়ীদের কাছে শুনলাম রাতে ভারতের পক্ষ থেকে  হঠাত্ করে দাম বাড়িয়ে ৯০০ মার্কিন ডলার করার ঘোষণা দেওয়া হয়। আজ আগের ৬৫০ ডলার রেটে পেঁয়াজের ট্রাক ঢুকতে গেলে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা বাধা দেন। ফলে ওপারে ২০-২৫টি ট্রাক আটকে আছে।’
কাস্টম কার্যালয় জানায়, ৭ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত ওই বন্দর দিয়ে প্রায় দুই হাজার ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এখন গড়ে প্রতিদিন ১৪-১৫টি ট্রাকে পেঁয়াজ আসছে। তবে আজ পেঁয়াজ আমদানি হয়নি।
বন্দরের ব্যবসায়ী তোজাম্মেল হক ও মোবারক হোসেন বলেন, ‘গতকাল রাতে হঠাত্ করেই ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে ৯০০ মার্কিন ডলার করার ঘোষণা দেয়। এখন প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়বে প্রায় ৭৫ টাকা। আগের ৬৫০ ডলার রেটে আজ সকালে পেঁয়াজের ট্রাক এই বন্দর দিয়ে দেশে ঢুকতে গেলে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা বাধা দেন।’ ব্যবসায়ীরা আরও বলেন, এর কারণ জানতে চাইলে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা বলেন, আগের রেটের পরিবর্তে বর্তমান মূল্যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হবে। আটকে থাকা পেঁয়াজগুলো পচে নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।