হিলিতে ট্রাকের চাপায় এক শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে ধান বোঝাই ট্রাকের চাপায় মো. আদম (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ আলী (১০) আহত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিরামপুর উপজেলায় মাধবপাড়া গ্রামের মাধবপাড়া-হাকিমপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহত দুই ভাই উপজেলার বোয়লদাড় ইউনিয়নের বোয়লদাড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, আদম ও তার ভাই মোহাম্মদ আলী কাটলা বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলে। এ সময় ধান বোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে তাদের বাইসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে আদম নিহত হয়। স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রে নিয়ে যায়। ট্রাকটি আটক করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য ট্রাক মালিকের সঙ্গে নিহতের বাবা ও স্থানীয়রা বৈঠকে বসেছেন। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।