হিলিতে ট্রেনের ধাক্কায় আহত বিজিবি সদস্য মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় আহত বিজিবির সদস্য মাকসুদুল আলম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় মারা গেছেন।

মাকসুদুল আলম গত শুক্রবার রাত সাড়ে ১১টায় হিলি সীমান্তে কর্তব্যরত অবস্থায় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁর বাড়ি কক্সবাজারের মহেশখালী।

হিলি আইসিপি বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবদুর জব্বার জানান, সীমান্তে ২৮৫/১৯ সাব-সীমান্ত পিলার এলাকায় রেললাইনের ওপর বিজিবির সদস্য মাকসুদুল আলম দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান তিনি। তাঁর সঙ্গে কর্তব্যরত বিজিবির সদস্যরা তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।