ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবার সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়লেও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের শতাধিক যাত্রী যাতায়াত করে। এ কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।গত সপ্তাহে কলকাতায় সোয়াইন ফ্লুতে একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার পর্যন্ত সেখানে ৪১ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে। শুক্রবার কলকাতার একটি টিভি চ্যানেল এ তথ্য প্রচার করে।গতকাল শনিবার ভারত থেকে আসা যাত্রী জয়পুরহাটের ক্ষেতলালের নূর মোহাম্মদ ও নীলফামারীর সৈয়দপুরের আকতার হোসেন জানান, কলকাতায় সোয়াইন ফ্লু দেখা দেওয়ায় হিলি চেকপোস্টের ওপারে ভারতের স্থানীয় প্রশাসন সতর্কাবস্থা জারি করেছে। কোনো যাত্রীকে সন্দেহ হলে তার ঠিকানা লিখে রেখে পরামর্শ দেওয়া হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ফেরদৌস জানান, ভারতে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়লেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সোয়াইন ফ্লু প্রতিরোধে স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি।গতকাল শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস ছালাম জানান, এ ব্যাপারে এখনো কোনো দিকনির্দেশনা আসেনি। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।