হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় একঘরে
হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় নীলফামারীর ডোমার উপজেলার মাঝাপাড়া গ্রামের হেমাজ উদ্দিনের পরিবারকে একঘরে করে রেখেছেন গ্রামের মাতব্বরেরা।
গত মঙ্গলবার বিকেলে হেমাজ উদ্দিনের বাড়িতে গেলে তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫০) জানান, তাঁর মেয়ে প্রসবব্যথায় ছটফট করছেন। তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য অটোবাইক আনতে গেছেন স্বামী হেমাজ উদ্দিন (৭০)। প্রতিবেশীরা তাঁর বাড়ির বাইরে জটলা করছে। তবে কেউ এগিয়ে আসছে না।
সেখানে জড়ো হওয়া নারীরা বলেন, তাঁদের বাড়িতে যাওয়া ও কথা বলা নিষেধ। কারণ তাঁদের সমাজ থেকে একঘরে করা হয়েছে। এ সময় জাহানারা বেগম অভিযোগ করে বলেন, ‘রমজান মাসে আমার স্বামী নাকি কী (তালাক) বলছে, আমি শুনি নাই। এ জন্য আমার স্বামীক জুম্মাত নিয়া কী জানি লেখি ডেকচির কালি দিয়া টিপসই নিছে। এখন হামার হিল্লা বিয়া দিবার চায়। আমি কইছি, আমি শুনি নাই। এ জন্য আমাদের একঘরে করি দিছে। আমার স্বামীকে জুম্মার নামাজও পড়ির দেয় না।’
জাহানারার সঙ্গে কথা বলে জানা যায়, গত রমজান মাসের প্রথম সপ্তাহে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্বামী ‘তালাক’ শব্দটি উচ্চারণ করেছেন বলে প্রতিবেশীরা মাতব্বরদের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে কাগজে লিখে তাতে হেমাজ উদ্দিনের টিপসই নিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়। এরপর ফতোয় দেওয়া হয় হিল্লা বিয়ে করারর। জাহানারা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় পরিবারটিকে একঘরে করে রাখা হয়।
খতিবুর রহমান বলেন, ‘১০-১২ জন আলেমের সঙ্গে কথা বলে জেনেছি, শরিয়তমতো হিল্লা বিয়ে না দিলে জায়েজ হবে না। শুদ্ধ না হওয়ার জন্য তাঁরা নিজেরাই একঘরে খায়।’
নীলফামারী জজ আদালতের (পিপি) সরকারি কৌঁসুলি অক্ষয় কুমার রায় বলেন, কোনো ব্যক্তি তাঁর স্ত্রীকে তালাক দিতে চাইলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বা পৌর মেয়রকে লিখিত নোটিশ দেবেন এবং স্ত্রীকে এর একটি কপি দেবেন। এরপর এটি ৯০ দিনের মধ্যে কার্যকর হবে।