হিল্লা বিয়ের নির্দেশদাতা সেই পাঁচ মাতব্বর গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের দক্ষিণ চকজোড়া গ্রামের আখতার হোসেন ও ঝরনা বেগম দম্পতিকে হিল্লা বিয়ের নির্দেশদাতা পাঁচ মাতব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার ওই পাঁচজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাঁচ মাতব্বর হলেন দক্ষিণ চকজোড়া গ্রামের আবদুল হামিদ, আবদুর রাজ্জাক, আবদুল বারী, জাহিদ ওরফে ফজলু ও মসজিদের ইমাম শহিদুল ইসলাম।
গত ১ সেপ্টেম্বর ‘তালাক বললেই হিল্লা বিয়ে, নয়তো গ্রামছাড়া’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর ২৪ সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের একটি দল দক্ষিণ চকজোড়া গ্রামে এসে ঘটনার সত্যতা খুঁজে পায়।
একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন করে শাজাহানপুর থানার ওসি বিরুদ্ধে থানায় বসে হিল্লা বিয়ের ঘটনা আপস করে দেওয়ারও সত্যতা মিলে। অবস্থা বেগতিক বুঝে ১ সেপ্টেম্বর ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করে আদালতে অনুমতি নিয়ে পরদিন ওসি মামলা করেন।