হিল্লা বিয়ের হাত থেকে রক্ষা পেলেন জাহানারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিল্লা বিয়ের হাত থেকে রক্ষা পেলেন নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের হেমাজ উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৫০)। পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্তও তুলে নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় একঘরে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ব্র্যাকের জেলা মানবাধিকার ও আইন-সহায়তা কর্মকর্তা সত্যজিৎ ঘোষ বলেন, প্রথম আলোয় সংবাদটি দেখে এলাকায় খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকাবাসীকে নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় মাঝাপাড়া মসজিদের সর্দার খতিবুর রহমান তাঁর ভুল স্বীকার করেন। সভায় গ্রামবাসী ওই ইউনিয়নে কোনো হিল্লা বিয়ের ঘটনা ঘটবে না বলে লিখিতভাবে প্রতিশ্রুতি দেন।
বামুনিয়া ইউপির চেয়ারম্যান মনোরঞ্জন রায় বলেন, হেমাজ উদ্দিনের পরিবারের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন মাতবরেরা। আজ থেকে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে সমাজে স্বাভাবিকভাবে বসবাস করবেন।