হিল্লা বিয়ের জন্য চাপ ইমামসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ব্যক্তি রাগের মাথায় তালাক বলায় মসজিদের ইমামসহ কয়েকজন তাঁর স্ত্রীকে হিল্লা বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গত বুধবার ওই ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি জয়পুরহাট সদর উপজেলায় ঘটেছে।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ইছুয়া গ্রামের মসজিদের ইমাম মামুনুর রশিদ, একই গ্রামের বাসিন্দা আবদুল লতিফ (৭০) ও আফজাল হোসেন (৬০)। তাঁদের গতকাল বৃহস্পতিবার জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রচলিত আইনে হিল্লা বিয়ে নিষিদ্ধ। মামুনুর রশিদ, আবদুল লতিফ ও আফজাল হোসেন জানান, ধর্মীয় বিধি অনুসারে স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরে হিল্লা বিয়ে দেওয়ার কথা বলেছেন। তবে সামাজিকভাবে তাঁরা কোনো চাপ সৃষ্টি করেননি ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নয় বছর আগে সদর উপজেলার ইছুয়া গ্রামের উজ্জ্বল হোসেন (২৮) নওগাঁর ধামুইরহাট থানার চৌঘাট গ্রামের জয়না বিবিকে বিয়ে করেন। ঈদের ১০-১২ দিন আগে স্ত্রীর সঙ্গে উজ্জ্বল হোসেনের মায়ের ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে উজ্জ্বল হোসেন তাঁর স্ত্রীকে গালিগালাজ করেন। পরে তাঁর স্ত্রীও তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে রাগের মাথায় উজ্জ্বল হোসেন মৌখিকভাবে জয়না বিবিকে তিন তালাক বলেন।উজ্জ্বল হোসেন অভিযোগ করেন, বিষয়টি জানাজানি হলে ইছুয়া গ্রামের মসজিদের ইমাম মামনুর রশিদ, ওই গ্রামের বাসিন্দা আবদুল লতিফ, আফজালসহ কয়েকজন তাঁকে (উজ্জ্বলকে) বলেন, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। তাকে হিল্লা বিয়ে দিতে হবে। ঘটনাটি জানতে পেরে জেলা প্রশাসক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মির্জা শাকিলা দিল হাছিনসহ জয়পুরহাট থানা পুলিশকে ইছুয়া গ্রামে পাঠায়। পুলিশ ওই গ্রামে গিয়ে মামনুর রশিদ, আবদুল লতিফ ও আফজাল হোসেনকে আটক করে জয়পুরহাট সদর থানায় নিয়ে আসে। এ ঘটনায় উজ্জ্বল হোসেন গতকাল বুধবার উল্লিখিত তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। জয়পুরহাট সদর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদউদ্দীন জানান, বিষয়টি জানতে পেরে তাঁরা গত বুধবার দুপুরে ওই গ্রামে যান। ঘটনার সত্যতা পেয়ে ওই গ্রামের তিনজনকে থানায় নিয়ে এসে আটক রাখা হয়েছে।