হিল্লা বিয়ের জন্য চাপ বৃদ্ধ দম্পতি বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগের মাথায় স্ত্রীকে উদ্দেশ করে দুবার তালাক উচ্চারণ করেছিলেন বৃদ্ধ আজগার আলী (৮০)। কথা চলে যায় গ্রাম্য মাতবরদের কানে। তাঁরা বিষয়টি পাশের একটি মাদ্রাসার শিক্ষককে জানান। ওই শিক্ষক সিদ্ধান্ত দেন আজগরের সঙ্গে তাঁর স্ত্রী মমতার (৬০) তালাক হয়ে গেছে। পুনরায় একসঙ্গে থাকতে হলে মমতাকে হিল্লা বিয়ে দিতে হবে।কিন্তু এ সিদ্ধান্ত মানেননি ওই দম্পতি। এ কারণে তাঁদের এখন আলাদা থাকতে বাধ্য করেছেন গ্রাম্য মাতবররা। ঘটনাটি ঘটেছে ২৫ সেপ্টেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর-মণ্ডলপাড়া গ্রামে। তালাক হয়ে যাওয়া ও আলাদা থাকার এই নির্দেশ জারি করেছেন পার্শ্ববর্তী রংপুরের তারাগঞ্জ উপজেলার ভীমপুর শাইলবাড়ী আল-জামিয়াতুল ইসলামিয়া মোজাহেরুল উলুম মঈনুল ইসলাম দাওরায় হাদিস মাদ্রাসার শিক্ষক মুফতি মো. আবুল হাসান।মুফতির দেওয়া ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য গ্রামের মাতবররা আজগারকে গ্রাম ছাড়তে বলেন। এই অবস্থায় ৬ অক্টোবর তিনি দিনাজপুরের পার্বর্তীপুর উপজেলায় মেয়ের বাড়িতে চলে যেতে বাধ্য হন।শুক্রবার সরেজমিনে গেলে মমতা বেগম অভিযোগ করেন, গ্রামের আইয়ুব আলী, মমতাজ হোসেন, সোহরাব, রফিকুল ইসলাম কোনোভাবেই তাঁদের একত্রে থাকতে দিতে চান না। নির্দেশ না মানলে তাঁদের শাস্তি দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। আজগর আলী বলেন,‘বাবা মুই তালাক দেও নাই। কিন্তু গ্রামের লোকজন হামার ৫০ বছরের সংসার ভাঙ্গির চায়ছে। মুই মমতাক ছাড়া বাঁচিম না বাবা।’গ্রামের মসজিদের ইমাম মমতাজ হোসেন জানান, তালাক মানে তালাক। কাজেই কোনোভাবেই স্বামী-স্ত্রী একসঙ্গে থাকতে পারে না। যদি থাকতে হয়, তা হলে হিল্লা বিয়ের বিকল্প নেই। মাতবর আইয়ুব আলী জানান, তালাক যখন হয়েই গেছে, কাজেই হিল্লা বিয়ে দিতেই হবে। মুফতি মো. আবুল হাসান বলেন, ‘শরীয়তে যা আছে আমি তাই বলেছি।’তবে স্থানীয় কাজী মাওলানা মোকছেদুল হক বলেন, ‘রাগের মাথায় তালাক হয় না। আমি ওই দম্পতিকে একসঙ্গে থাকতে বলেছি। অথচ গ্রামের কিছু অতি উৎসাহী মানুষ হিল্লা বিয়ের জন্য চাপ দিচ্ছে।’ নীলফামারীর জজ আদালতের আইনজীবী আনিসুল হক জানান, বিবাহ নিবন্ধন ও তালাক আইনে উল্লেখ আছে, মৌখিকভাবে তালাক দেওয়া যাবে না। তালাক দিতে হলে অবশ্যই নোটিশ দিতে হবে।