হিসাব খুলতে কৃষকদের কাছে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ব্যাংক হিসাব খুলতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সোনালী ব্যাংক উপজেলা সদর শাখার এক কর্মচারী কৃষকদের কাছ থেকে এ জন্য ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সোনালী ব্যাংকের চৌদ্দগ্রাম শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংক কর্মচারী (বার্তাবাহক) মিজানুর রহমান ফরম-প্রতি কৃষকদের কাছ থেকে ২০ থেকে ১০০ টাকা আদায় করছেন।অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে মিজানুর রহমান বলেন, ‘কৃষকেরা চা-খাওয়ার জন্য আমাকে এ টাকা দিচ্ছে।’ এ সময় আবদুস সোবহান, বেলাল হোসেন, মাহবুল হক, আলী আহম্মদসহ অনেক কৃষক অভিযোগ করেন, তাঁদের ওপর চাপ প্রয়োগ করে ব্যাংক হিসাব খোলার জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক ফরিদ উদ্দিন মোল্লা বলেন, ‘টাকাপয়সা নেওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। কেউ আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি। আমি বিষয়টি খতিয়ে দেখছি। সত্যতা পাওয়া গেলে সংশিষ্ট কর্মীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’অগ্রণী ব্যাংক মুন্সিরহাট শাখায় ব্যাংক হিসাব খুলতে কৃষকদের কাছ থেকে অতিরিক্তি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই শাখার ব্যবস্থাপক ফারুক আহম্মদ বলেন, ‘আমি আজকে উপবৃত্তির টাকা বিতরণের কাজে বাইরে ছিলাম। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসেম বলেন, ‘কৃষকদের হয়নানি না করার জন্য ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের আমি ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। কিন্তু এ অনুরোধের পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধায়ক রায় চৌধুরী বলেন, ‘আমার কাছে কোনো কৃষক অভিযোগ নিয়ে আসেননি। তবে আপনাদের (সাংবাদিকদের) অভিযোগটি সত্য মনে করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যাংকের ম্যানেজারকে এখনই নির্দেশ দিচ্ছি।’