হিসাব খোলার নামে বাড়তি ১০ লাখ টাকা আদায়
সাতক্ষীরার দুটি উপজেলায় বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাংক হিসাব খোলার জন্য অতিরিক্ত ১০ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক কার্ডধারী ব্যক্তির সংখ্যা ৬২ হাজার ৩৬৫। তাঁদের প্রত্যেককে সরকারিভাবে মাসে ৩০০ টাকা করে সহায়তা দেওয়া হয়। সম্প্রতি তাঁদের সবাইকে ব্যাংক হিসাবের মাধ্যমে সহায়তার এ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে এখন কার্ডধারী ব্যক্তিদের ব্যাংক হিসাব খুলতে হচ্ছে। এরই মধ্যে সদর ও কলারোয়া উপজেলায় এ প্রক্রিয়া শুরু হয়েছে। এ দুই উপজেলায় কার্ডধারী মানুষের সংখ্যা ১৯ হাজার ১৭। তাঁদের ছবি তুলে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের পক্ষ থেকে দরিদ্র এসব মানুষকে ব্যাংক হিসাব খোলার জন্য ১০ টাকা করে দিতে বলা হয়েছে। কিন্তু সমাজসেবা অফিস ছবি তোলা ও কাগজপত্র তৈরির নামে তাঁদের কাছ থেকে জনপ্রতি ৫০-৭০ টাকা করে আদায় করেছে। এ হিসাবে দুটি উপজেলার দরিদ্র মানুষের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে।কলারোয়া উপজেলার কোটাবাড়ী গ্রামের ছাদেক আলী (৭৪) বলেন, ‘ব্যাংক অ্যাকাউন্ট করবার জন্যি সমাজসেবা অফিস আমার কাছ থ্যাকি ৭০ টাকা নিছে। আমি ছবি জমা দেলাম। কিন্তু তারা নেল না।’ একই উপজেলার শুভকরকাঠি গ্রামের জয়নাল আলী (৭০) জানান, সমাজসেবা অফিসের ইউপি সমাজকর্মীর মাধ্যমে তাঁর কাছ থেকে ৬০ টাকা নেওয়া হয়েছে। তিনি টাকা দিতে আপত্তি করলে কার্ড আটকে দেওয়ার হুমকি দেওয়া হয়।সদর উপজেলার আমতলা গ্রামের মকিম সানা (৬৫) ও খাদেম মুন্সী জানান, তাঁদের কাছ থেকে বল্লী ইউপির সমাজকর্মী ৫০ টাকা করে নিয়েছেন। প্রায় একই ধরনের কথা বলেন ভাটপাড়া গ্রামের কাশেম গাজী ও সরমুন্নেছা, রঘুনাথপুর গ্রামের সাবিত্রী ঘোষ, ভাদড়া গ্রামের জিয়াদ আলী, প্রতিবন্ধী নমিতা রানী, সাতানি গ্রামের আবদুল হামিদসহ কয়েকজন।সদর উপজেলার বল্লী ইউপির সমাজকর্মী গোলাম মোস্তফা জানান, উপজেলা কার্যালয় থেকে ব্যাংক হিসাব খোলার জন্য জনপ্রতি ৩০ টাকা করে আদায় করতে বলা হয়েছে। সে অনুযায়ী তিনি ৩০ টাকা করে আদায় করেছেন।কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন জানান, ব্যাংক হিসাব খোলার জন্য ১০ টাকা করে নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা আদায় করা হয়নি।সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-উর রশিদ জানান, সংশ্লিষ্ট ব্যক্তির ছবি তোলা ও ব্যাংকের ফরম ফটোকপি করার জন্য জনপ্রতি ৩০ টাকা করে নিতে বলা হয়েছে।