হিসাব জমা দেননি এরশাদসহ ১০ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ৫৪৩ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদসহ ১০ জন নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি। এই ১০ জনই সংশ্লিষ্ট আসনে পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তাদের (জেলা প্রশাসক) পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয়ের হিসাব জমা না দেওয়া বাকি নয়জন প্রার্থী হলেন—জাতীয় পার্টির (জেপি) জয়নাল আবেদীন (বরিশাল-৪), আওয়ামী লীগের প্রয়াত শওকত মোমেন শাহজাহান (টাঙ্গাইল-৮), জাসদের আবদুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী হেদায়েতুল ইসলাম (শেরপুর-৩), বিএনএফের আশরাফ হোসেন (সুনামগঞ্জ-৫), জাপার সফিকুর রহমান (কুমিল্লা-৫), জাপার মাহমুদুর রহমান (লক্ষ্মীপুর-১) এবং জাপার বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম শরিফ উদ্দিন (লক্ষ্মীপুর-৪)। এদের মধ্যে জাপার সফিকুর রহমানের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা মামলা করেছেন।

এরশাদ ঢাকা-১৭, লালমনিরহাট-১ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যেই তিনি তিনটি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু বিধি মোতাবেক না হওয়ায় লালমনিরহাট-১ ও রংপুর-৩ আসনের প্রার্থিতা প্রত্যাহার হয়নি। নির্বাচনে লালমনিরহাট-১ আসনে তিনি পরাজিত হলেও রংপুর-৩ আসনে বিজয়ী হন।