উপজেলা পরিষদের নির্বাচনে ব্যয়ের হিসাব দাখিল না করার মামলায় সিলেটের বিভিন্ন উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী ২৩ প্রার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে গতকাল সোমবার ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২৩ প্রার্থী হচ্ছেন: সিলেট সদর উপজেলার নাসির উদ্দিন ও রেজিয়া বেগম; দক্ষিণ সুরমার চম্পা বেগম, রাজনা বেগম ও বেলাল আহমদ; কোম্পানীগঞ্জের মো. মুক্তার উদ্দিন, মতিলাল মোহন্ত, জুয়েল আহমদ ও বশির আহমদ; গোলাপগঞ্জের আবদুল হামিদ, আবদুল আহাদ, মো. সিদ্দিকুর রহমান, জমসেদ ইফাদ আহমদ ও ফেরদৌস আলম; বিশ্বনাথের আঙ্গুরা বিবি, আয়ুবুর রহমান ও ইয়াহিয়া চৌধুরী; ফেঞ্চুগঞ্জের শেফা বেগম; বিয়ানীবাজারের সাদিয়া সুলতানা; জৈন্তাপুরের লিয়াকত আলী; বালাগঞ্জের এম ডি রাসেল; কানাইঘাটের আনোয়ারুল হক ও সাহাবউদ্দিন। তাঁরা সংশ্লিষ্ট উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন শেষে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের শেষ সময় ছিল ওই বছরের ৩ মার্চ। নির্ধারিত সময়ে হিসাব দাখিল না করায় সিলেটের নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ত ৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম মামুন রশীদ বাদী হয়ে ১০০ প্রার্থীর বিরুদ্ধে মামলা করেন। ২০১০ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করার পর গতকাল সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে শুনানি হয়। এ সময় ৭৭ জন আসামি হাজির ছিলেন। ২৩ জন অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।