হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের ইউনিয়ন পরিষদে (ইউপি) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগের দাবিতে পঞ্চগড়ে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন ইউডিসির উদ্যোক্তারা।
মানববন্ধনে জেলার ৪৩টি ইউডিসির উদ্যোক্তারা অংশ নেন। একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। এতে দেবীগঞ্জ পামুলী ইউডিসির উদ্যোক্তা ফরহাদ হোসেন, বোদার বেংহারী বনগ্রাম ইউডিসির উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, সদরের হাঁড়িভাসা ইউডিসির উদ্যোক্তা জেসমিন আক্তার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘উদ্যোক্তারা জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন। কিন্তু সরকারিভাবে আমাদের কোনো ধরনের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। ডিজিটাল সেন্টারের সামান্য আয় দিয়ে আমরা কোনোভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য ইউপির হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগের দাবি জানাই।’
জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে এ স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হবে।