হিসাব-স্বচ্ছতায় দক্ষিণ এশিয়ার ৪৩টি প্রতিষ্ঠান পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোত্তম হিসাবরক্ষণ ও ব্যবসায় প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য বিভিন্ন বিভাগে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ৪৩ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা)। এ ছাড়া মেধা পুরস্কার দেওয়া হয়েছে ৩৮ প্রতিষ্ঠানকে।এর মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ১৯টি পুরস্কার পেয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।বাণিজ্যমন্ত্রী বলেন, সাফার সদস্যদেশের অনেক প্রতিষ্ঠান স্বচ্ছ হিসাবব্যবস্থা ও ব্যবসায় প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় দক্ষতা দেখিয়েছে। এই পুরস্কার দেশগুলোর মধ্যে বন্ধুত্ব স্থাপনে সহায়তা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।অনুষ্ঠানে আইসিএবির সভাপতি পারভিন মাহমুদ শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাফার সভাপতি এ এন রহমান, আইটিজির সভাপতি ল্যাজেন্দা ওইক্রিমেসেনজি প্রমুখ।পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি প্রতিষ্ঠান: ব্যাংক খাতে বাংলাদেশের প্রাইম ব্যাংক শ্রীলঙ্কার হ্যাটন ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যৌথভাবে বিজয়ী হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান খাতে যৌথভাবে আইডিএলসি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বিজয়ী হয়েছে। ম্যানুফ্যাকচারিং খাতে গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড দ্বিতীয় রানারআপ হয়েছে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে গ্রামীণফোন যৌথভাবে বিজয়ী হয়েছে। বেসরকারি সংগঠন খাতে ব্র্যাক যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছে। সরকারি খাতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রথম রানারআপ হয়েছে। তবে বিমা, সেবা ও কৃষি খাতে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান পুরস্কার পায়নি।করপোরেট গভর্নেন্স ডিসক্লোজার বিভাগে শ্রীলঙ্কার হ্যাটন ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যৌথভাবে বিজয়ী হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ ছাড়া সার্বিক বিবেচনায় আইডিএলসি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড যথাক্রমে প্রথম রানারআপ ও বিজয়ী হয়েছে।যেসব বাংলাদেশি প্রতিষ্ঠান মেধা পুরস্কার পেয়েছে, সেগুলো হলো: ব্যাংক খাতে ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংক; বিমা খাতে রিলায়েন্স ইনস্যুরেন্স ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি; ম্যানুফ্যাকচারিং খাতে আর এ কে সিরামিক লিমিটেড ও সামিট পাওয়ার লিমিটেড; এবং বেসরকারি সংগঠন খাতে ব্যুরো বাংলাদেশ। এ ছাড়া প্রাতিষ্ঠানিক সুশাসন ডিসক্লোজারে মেধা পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স।