হিসাববিজ্ঞানসহ চার বিষয়ে শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিষয়ে আট বছর ধরে শিক্ষক নেই। কয়েক বছর ধরে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের শিক্ষকও নেই। শিক্ষক না থাকায় এসব বিষয়ের পাঠদান ব্যাহত হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৯৯ সালে উপজেলা সদরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে এটি জাতীয়করণ হয়। বিদ্যালয়টিতে ৪৩৯ জন ছাত্র আছে।

শিক্ষক-সংকটের কারণে বেশি বেকায়দায় পড়েছে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা। বর্তমানে বিদ্যালয়টিতে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীর সংখ্যার ৬৮ জন। এ ছাড়া পাঁচ বছর ধরে ভৌতবিজ্ঞান, ছয় মাস ধরে জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক নেই। গণিত ও ইংরেজি বিষয়ে দুজন করে শিক্ষকের পদ থাকলেও আছেন মাত্র একজন করে।

 বাংলা বিষয়ে দুজন শিক্ষকের পদ থাকলেও আছেন তিনজন। কৃষিশিক্ষা বিষয়ে একজন শিক্ষকের পদ থাকলেও আছেন দুজন। ধর্মীয় শিক্ষক রয়েছেন বিএড প্রশিক্ষণে। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষক হুরুন্নাহার বেগম প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।

 বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, ‘শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকেরা হিসাববিজ্ঞান বিষয়ের পাঠদান করেন। কিন্তু তাঁরা বিষয়টি ভালোভাবে পড়াতে পারেন না। এ ছাড়া গণিত বিষয়ের মাত্র একজন শিক্ষক। বিজ্ঞানে কোনো শিক্ষক নেই। এসব বিষয়ে শিক্ষক-সংকটের কারণে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুরুন্নাহার বেগম প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ সাতটি পদ শূন্য রয়েছে। অফিস সহকারীর পদটিও খালি থাকায় এ দায়িত্ব তাঁকেই পালন করতে হচ্ছে। এসব দায়িত্ব পালন করতে গিয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ হোসেন মুঠোফোনে বলেন, প্রায় ছয় বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগ করা হলেই শূন্য পদগুলো পূরণ করা হবে।