ঠিকাদারি কাজের পাওনা টাকার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কয়েকজন কাউন্সিলর হিসাবরক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই কক্ষের তালা খোলা হয়নি।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিজাম উদ্দিন শেক প্রথম আলোকে বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বরাদ্দ দেওয়া টাকা নিয়মবহির্ভূতভাবে রাজস্ব খাতে সরিয়ে ব্যয় করা হচ্ছে। অথচ আমাদের ঠিকাদারি কাজের প্রায় চার-পাঁচ বছর আগের টাকা এখনো পাইনি।’
৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মৃধা বলেন, ‘আমাদের সঙ্গে বসে দ্রুত আলোচনা করে সমাধান না করা পর্যন্ত তালা লাগানোই থাকবে।’
পৌরসভার হিসাবরক্ষক ওমর আলী বলেন, ‘মেয়রের সঙ্গে কাউন্সিলরদের কী হয়েছে আমার জানা নেই। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন কাউন্সিলর এসে বললেন কক্ষ থেকে বের হন, আমরা তালা লাগাব। আমি বের হওয়ামাত্র তাঁরা আমার কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান।’
পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন বলেন, ‘আমি নিজেই কাজের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা পৌরসভার কাছে পাব। আমার মতো অধিকাংশ কাউন্সিলর ও ঠিকাদার টাকা পাবেন। টাকার জন্য পৌরসভার সচিব, হিসাবরক্ষকের মাধ্যমে একাধিকবার মেয়রকে জানানো হয়। কিন্তু বকেয়া টাকা না দেওয়ায় ক্ষোভে কাউন্সিলররা সম্মিলিতভাবে হিসাবরক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
অভিযোগ অস্বীকার করে মেয়র শেখ মো. নিজাম বলেন, কোনো কাউন্সিলর টাকা পাবেন না। তারপরও তাঁদের সঙ্গে কথা বলতে চাইলে কাউন্সিলররা আসেননি। উল্টো তালা ঝুলিয়ে দেন। কয়েকজন ঠিকাদার টাকা পাবেন। এদিকে পৌরসভার কোটি টাকার রাজস্ব বকেয়া পড়ে আছে।