হিসাবরক্ষকের কক্ষের তালা খুলে দিলেন কাউন্সিলররা
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মধ্যকার দ্বন্দ্বের জের ধরে এক সপ্তাহ আগে হিসাবরক্ষকের কক্ষে ঝুলিয়ে দেওয়া তালা গতকাল বুধবার খুলে দেওয়া হয়েছে।
কাউন্সিলরদের দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে পৌরসভার নানা অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে হিসাবরক্ষকের কক্ষের তালা খুলে দেওয়া হয়েছে।
গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে আনা পাঁচটি বিষয়ের ওপর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গত সোমবার দুদক ফরিদপুরের সমন্বিত কার্যালয় থেকে একটি পত্র দেওয়া হয়। কিন্তু হিসাবরক্ষকের কক্ষে তালা থাকায় কর্তৃপক্ষ সেসব কাগজপত্র দিতে পারছিল না। গত বছরের শেষ দিকে দুদক কেন্দ্রীয় কার্যালয়ে পৌরসভার মেয়রের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করা হয়। এর আলোকে গত ২২ ডিসেম্বর ও ১ জানুয়ারি পৃথক স্মারকে অভিযোগের বিষয়ে দুদক ফরিদপুর সমন্বিত কার্যালয় থেকে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয় রেকর্ডপত্র চেয়ে চিঠি দেওয়া হয়।
দুদক ফরিদপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আবুল বাশারের ৮ জানুয়ারি স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে অনিয়ম, সরকারি অর্থে বিদেশভ্রমণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামের বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা করা প্রয়োজন। এ অবস্থায় মেয়র শেখ মো. নিজামের মেয়াদকালে পৌরসভার কর্মচারী নিয়োগের নথি, সরকারি অর্থে বিদেশে ভ্রমণসংক্রান্ত নথি, ১৩টি উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ অর্থবিষয়ক নথি, জঙ্গল পরিষ্কারের সাতটি নথি, উন্নয়ন খাতের ৩৭ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব খাতে হস্তান্তরের কাগজপত্রসহ সংশ্লিষ্ট অন্য রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি জরুরি ভিত্তিতে সরবরাহের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।
এদিকে পৌরসভার ১২ জন কাউন্সিলরের মধ্যে ১০ জন মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগে গত ৩ জানুয়ারি হিসাবরক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেন। ফলে দুদকের চাওয়া পৌরসভার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, কয়েকটি ফাইল ও তথ্যসংক্রান্ত নথিপত্র সেখানে আটকা পড়ে। বিষয়টি জানতে পেরে গতকাল দুপুর ১২টার দিকে পৌরসভার সচিব, সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুদ্দুসুল আলম কক্ষের তালা খুলে দেন। এ সময় পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আলাউদ্দিন মৃধা, কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখ এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসেল মোল্লা উপস্থিত ছিলেন।
নাসির উদ্দিন বলেন, ‘মেয়রের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে বাধ্য হয়ে আমরা হিসাবরক্ষকের কক্ষে তালা দিয়েছিলাম। দুদক থেকে অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তালা খুলে দিয়েছি।’
হিসাবরক্ষক ওমর আলী বলেন, ‘৩ জানুয়ারি দুপুরে কয়েকজন কাউন্সিলর কক্ষে তালা লাগিয়ে দেন। এরপর থেকে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছিল। তালা খুলে দেওয়ায় জমে থাকা কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছি।’
পৌরসভার সচিব মো. ইসমাইল হোসেন খান বলেন, ‘হিসাবরক্ষকের কক্ষটি তালাবদ্ধ থাকায় পরিচ্ছন্নতা কর্মী এবং অস্থায়ী ও স্থানীয় কয়েকজন কর্মীর বেতন যথাসময়ে দিতে পারিনি। অন্য কিছু কাজের বিলও দিতে না পারায় বেকায়দায় পড়তে হয়েছিল।’
এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, ‘দুদক থেকে পাঁচটি বিষয়ে জানতে কাগজপত্র চেয়ে চিঠি এসেছে। কাদের আবেদনে দুদক থেকে কাগজ এসেছে জানি না। ধারণা করা হচ্ছে, যেসব কাউন্সিলর তালা দিয়েছিল, তারাই এর সঙ্গে জড়িত। একটা প্রভাবশালী মহলের হস্তক্ষেপে পৌরসভার কর্মকাণ্ডকে ব্যাহত করতে এবং আমাকে হেয় করতে ন্যক্কারজনক এ ঘটনা ঘটানো হয়েছে। তবে শান্তিশৃঙ্খলার স্বার্থে আমি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেইনি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।’