হিসাবরক্ষকের বিরুদ্ধে টাকা কেটে রাখার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. হাসানুজ্জামানের কাছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১২১ জন কর্মচারী জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের বেতনের টাকা থেকে হিসাবরক্ষক ৩০০ থেকে ৫০০ টাকা কেটে রাখছেন।
হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে তৃতীয় শ্রেণীর ৯৬ ও চতুর্থ শ্রেণীর ২৫ জন কর্মচারী আছেন। কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, হিসাবরক্ষক সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা হিসাবরক্ষকের কার্যালয়ের কথা বলে প্রতি মাসে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কাছ থেকে ৫০০ টাকা ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাছ থেকে ৩০০ টাকা করে কেটে রাখছেন। প্রতি মাসে তিনি এভাবে ৫৫ হাজার ৫০০ টাকা কেটে রাখছেন। এতে তাঁদের কাছ থেকে বছরে ছয় লাখ ৬৬ হাজার টাকা কেটে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে।
কর্মচারীরা আরও জানান, চিকিৎসক ও সেবিকারা তাঁদের বেতনের টাকা চেকের মাধ্যমে তোলেন। তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারীদের টাকা হিসাবরক্ষক নিজে ব্যাংক থেকে তুলে এনে তাঁদের নগদ পরিশোধ করেন। তখন প্রত্যেকের কাছ থেকে টাকা কেটে রাখা হয়।
ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কাজে হিসাবরক্ষককে সহায়তা করছেন। তা ছাড়া হিসাবরক্ষককে টাকা না দিলে সময়মতো বেতনও পাওয়া যায় না। কয়েকজন কর্মচারী জানান, স্বল্প বেতন থেকে হিসাবরক্ষক তাঁদের টাকা কেটে রাখায় সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। চিকিৎসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বেতনের টাকা ঠিকমতো পেলেও তাঁরা পাচ্ছেন না।
হিসাবরক্ষক মো. হাসানুজ্জামান বলেন, ‘আমি টাকা কেটে রাখি না। কিছু কর্মচারী আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানি করার জন্য এমন অভিযোগ করেছেন।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘আমাকে এ বিষয়ে কেউ কিছু জানাননি। তবে আমি জানি, প্রতি মাসে চেক খরচ বাবদ কিছু টাকা কাটা হয়। তবে কত টাকা কাটা হয়, তা আমি বলতে পারছি না।’