হিসাবরক্ষণ কর্মকর্তাসহ তিনজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ তিনজনকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জিপি ফান্ডের ৬০ লাখ টাকা আত্মসাতে সহায়তা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।জেলা হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া তিনজন হলেন বগুড়া জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমির হোসেন, জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক কর্মকর্তা (বর্তমানে আদমদীঘি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা) এস এম মেজবাহুল ইসলাম এবং আরেক সাবেক কর্মকর্তা (বর্তমানে কুড়িগ্রাম জেলায় কর্মরত) জোবায়দুল ইসলাম। এখন শাজাহানপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনিছুর রহমানকে বগুড়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।জেলা হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালকের কার্যালয়ে কর্মরত অফিস সহকারী (সাময়িক বরখাস্তকৃত) খয়বার রহমান প্রধানের বিরুদ্ধে ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ৫৬টি চেকের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জিপি ফান্ডের ৫৯ লাখ ৩৫ হাজার ৪২২ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। খয়বার রহমানকে এ কাজে বগুড়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের তৎকালীন কর্মকর্তারা সহায়তা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।মাদক অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মানজুরুল ইসলাম টাকা আত্মসাতের বিষয়ে ২০১০ সালের আগস্টে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই সময় বিষয়টি তিনি ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এ ঘটনা জানানোর পর অফিস সহকারী খয়বার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।পরে অর্থ আত্মসাতের ঘটনায় মাদক অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি ২০১০ সালের শেষের দিকে তদন্ত করে এ অভিযোগের প্রমাণ পায়। এ ঘটনায় ২০১০ সালে ৪ ডিসেম্বর মানজুরুল ইসলাম অফিস সহকারী খয়বার আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের কর্মকর্তারা তদন্ত করছেন। অর্থ আত্মসাতের ঘটনার সঙ্গে বগুড়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে প্রাথমিকভাবে জড়িত থাকার ঘটনা প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আমির হোসেনসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।বগুড়া জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পাওয়া আনিছুর রহমান সাবেক কর্মকর্তা আমির হোসেনসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেছেন। আমির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।সহকারী পরিচালক মানজুরুল ইসলামের জানান, তিনি ২০১০ সালের আগস্টে বগুড়া কার্যালয়ে যোগ দেন। ওই সময়ই অর্থ আত্মসাতের ঘটনাটি তিনি জানতে পারেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।