লালমনিরহাট জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে চেক জালিয়াতির মাধ্যমে দুই কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে গত সোমবার লালমনিরহাট সদর থানায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক মো. নুর-ই-আলম মামলা দুটি করেন। প্রথম মামলায় নয়টি চেকের মাধ্যমে এক কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ১৬৪ টাকা এবং দ্বিতীয় মামলায় ছয়টি চেকের মাধ্যমে ৭৭ লাখ আট হাজার ৬৭৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। উভয় মামলায় লালমনিরহাট জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের জুনিয়র অডিটর গুল-ই-সাবাহ, রংপুর শহরের গুপ্ত পাড়ার মেসার্স খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম খন্দকার ও রংপুরের আলমনগর নুরপুরের ক্রাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ রফিক চৌধুরীকে আসামি করা হয়েছে।
নুর-ই-আলম বলেন, নিয়মকানুন অনুসরণ ও অনুমোদন শেষে মামলা দুটি করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।