হীরকজয়ন্তী উৎসবে সাবেক ও বর্তমানদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহূর্তটি সেলফিবন্দী করার লোভ সামলানো গেল না! এভাবেই আনন্দ-উল্লাস আর হইহুল্লোড়ে মেতেছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা l প্রথম আলো
মুহূর্তটি সেলফিবন্দী করার লোভ সামলানো গেল না! এভাবেই আনন্দ-উল্লাস আর হইহুল্লোড়ে মেতেছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা l প্রথম আলো

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল খুলনা মহিলা কলেজ প্রাঙ্গণ। প্রিয় প্রতিষ্ঠানের হীরকজয়ন্তী উদ্যাপনে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন সবাই।
প্রতিষ্ঠার ৭৫ বছর উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার কলেজ প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সকাল নয়টায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় উৎসবের। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী ও অন্য অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক ও খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবদুল আলীম। উপাধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম করেন স্বাগত বক্তৃতা।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান ও দক্ষতা অর্জন। যে শিক্ষায় এটা নেই, তা কোনো কাজে আসে না। লক্ষ্য অর্জনে যার যার অবস্থানে থেকে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার গুণ অর্জন করতে হবে। আমাদের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। মেয়েদের ছেলেদের মতো সমান সুযোগ নিশ্চিত করা গেলে তারা সমানতালে কাজ করতে সক্ষম, এটা এখন প্রমাণিত।’
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যাঁরা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এবং সমাজে ভালো অবস্থানে আছেন—এমন ২৯ জনকে সম্মাননা দেওয়া হয়।
মাত্র সাতজন শিক্ষার্থী নিয়ে ১৯৪০ সালের ১৮ জুলাই খুলনা নগরের আহসান আহমেদ সড়কের একটি বাড়ির একাংশে আর কে গার্লস কলেজ নামে পথচলা শুরু করেছিল খুলনা সরকারি মহিলা কলেজ। কালের পরিক্রমায় পরিসর ও বিস্তৃতি বেড়ে এখন ১০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। উচ্চমাধ্যমিকের পাশাপাশি চালু হয়েছে স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শিক্ষা।
যে বাড়ির দুটি কক্ষে যাত্রা শুরু করেছিল কলেজটি, সেটি ছিল খুলনা মিউনিসিপ্যালের চেয়ারম্যান রায়বাহাদুর মহেন্দ্র কুমার ঘোষের। যাত্রা শুরুর পর দ্রুতগতিতে শিক্ষার্থী বাড়তে থাকায় করোনেশন গার্লস স্কুল ক্যাম্পাসে এটি সরিয়ে নেওয়া হয়। পরে ১৯৫৭ সালে সিটি ল কলেজে এর পাঠদান কার্যক্রম চলে। ১৯৫৮ সালে কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় ‘খুলনা গার্লস কলেজ’। ১৯৬৫ সালে বর্তমানের বয়রা ক্যাম্পাসে এটি স্থানান্তরিত হয়। ১৯৬৮ সালের ২৫ এপ্রিল জাতীয়করণ হয় প্রতিষ্ঠানটি।
বর্তমানে উচ্চমাধ্যমিক ছাড়াও ১২টি বিষয়ে স্নাতক ও ছয়টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ১২৭। শিক্ষক ৮২ জন ও কর্মচারীর সংখ্যা ৬৬।