উচ্চমাধ্যমিক পর্যায়ে ১২৫ জন শিক্ষার্থী নিয়ে ১৯৪০ সালে সিলেট নগরের লামাবাজার এলাকায় মদনমোহন কলেজ যাত্রা শুরু করেছিল। তখন শিক্ষক ছিলেন মাত্র আটজন। কালের পরিক্রমায় কলেজটিতে উচ্চমাধ্যমিকের পাশাপাশি স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর বিভাগ চালু হয়েছে। বেড়েছে প্রতিষ্ঠানের পরিসর ও বিস্তৃতি। এখন শতাধিকেরও বেশি শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থী রয়েছেন প্রায় ১০ হাজার।
২০১৫ সালে মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘হীরকজয়ন্তী উৎসব’। দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলেজের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে যোগ দিতে দেশ-বিদেশে থাকা সাবেক শিক্ষার্থীরাও সিলেটে এসেছেন। এক আনন্দঘন মিলন মেলার অপেক্ষায় এখন যেন পুরো নগর।
মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা মোহিনীমোহন দাস ও যোগেন্দ্রমোহন দাস তাঁদের বাবা মদনমোহন দাসের নাম অনুসারে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। অধ্যাপক প্রমোদচন্দ্র গোস্বামীর প্রচেষ্টায় মদনমোহনের দুই উত্তরসূরি এক বিঘা জমি ও নগদ ১২ হাজার টাকা দিয়ে কলেজটি প্রতিষ্ঠা করে সিলেট অঞ্চলে শিক্ষা বিস্তারে তাঁদের স্বপ্নের বীজ রোপণ করেছিলেন। নিরবচ্ছিন্ন শিক্ষা বিস্তারের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন ‘ঐতিহ্যের বাতিঘর’ হিসেবে পরিচিতি পেয়েছে।
১৯৮৪ সালে মদনমোহন কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছিলেন মো. আনোয়ার হোসেন। সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত এই নাট্যব্যক্তিত্ব গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সব সময় শ্লাঘা অনুভব করি। উৎসবে পুরোনো বন্ধুদের দেখা পাব—এটা ভাবতেই ভালো লাগছে।’
৭৫ বছর পূর্তি উৎসব আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় অনুষ্ঠানের উদ্বোধন হবে। প্রথমেই ‘বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। সে অধিবেশনেই প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন কলেজের গভর্নিং বডির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হীরকজয়ন্তীতে বক্তব্য দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ। এ অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন ও কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দুবিকাশ দাস বিশেষ অতিথির বক্তব্য দেবেন। অধিবেশনের শেষ পর্যায়ে উৎসব স্মারক-সংকলন ‘স্মৃতি ঝরনার কলতান’ এবং ‘প্রজ্ঞাদীপ মুহিত মানস’ বইয়ের মোড়ক উন্মোচন হবে। এরপর কীর্তিমান শিক্ষার্থীদের সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হবে।
কাল সকাল ১০টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে। প্রথমেই প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন, কীর্তিমান শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
প্রধানমন্ত্রীর জনসভা: মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান শেষে বেলা আড়াইটায় সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। জনসভাস্থল থেকে সিলেটে বাস্তবায়ন হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিইটি ভবনসহ ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে নগর। তাঁকে স্বাগত জানিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। পথে সাঁটানো হয়েছে বর্ণিল সাজের নানা ফেস্টুনও।