হীরার চালানসহ গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক জামিন পেলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে আনা সাড়ে তিন কোটি টাকার হীরার অলংকারের চালানসহ গ্রেপ্তার হওয়া এক ভারতীয় নাগরিককে জামিন দিয়েছেন আদালত। আবেদনের পাঁচ দিনের মাথায় ২২ জুলাই আসামি রাজেশ গ্যানেরিয়ালের এই জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান। কিন্তু এ ধরনের গুরুতর অভিযোগের মামলায় আসামির এত দ্রুত জামিন হওয়ার নজির খুবই কম বলে প্রথম আলোকে বলেছেন ঢাকার মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু। তিনি বলেন, ‘মহানগর দায়রা জজ আদালতে এ ধরনের জামিনের আবেদনের ক্ষেত্রে সাধারণত এক সপ্তাহের আগে শুনানির তারিখ পড়ে না। আর এখন এ ধরনের যে আবেদনগুলো করা হচ্ছে, সেগুলোর তারিখ ঈদের পর নির্ধারণ করা হচ্ছে। কিন্তু এই মামলায় কীভাবে পাঁচ দিনের মধ্যে শুনানি সম্ভব হলো, তা বোধগম্য নয়।’ মামলা নথিতে দেখা যায়, হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ জুলাই রাজেশ গ্যানেরিয়াল নামের এই ভারতীয় নাগরিককে আটক করে শুল্ক কর্তৃপক্ষ। তাঁর কাছ থেকে হীরার অলংকার—২৩৫টি আংটি, ৫০টি নাকফুল, ২৩ জোড়া কানের টব, ৫৯ পিস পেটেন্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় শুল্ক বিভাগ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ১৭ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসামি রাজেশের পক্ষে জামিনের আবেদন করা হয়। এরপর ২২ জুলাই আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। কিন্তু আসামি ভারতীয় নাগরিক হওয়ায় আদালত ভারতীয় হাইকমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা এবং একজন আইনজীবীর জিম্মায় পাঁচ লাখ টাকা মুচলেকায় জামিনে মুক্তির আদেশ দেন। কিন্তু ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা জিম্মাদার হননি। তাই গত সোমবার জামিনের শর্ত শিথিল করার আবেদন করেন রাজেশের আইনজীবী। এরপর আদালত আসামির স্থানীয় জিম্মাদার হিসেবে আইনজীবী মো. আসলাম মিয়া ও মুস্তাফিজুর রহমানকে জামিননামা দাখিলের নির্দেশ দেন।জামিনের আবেদনে বলা হয়, আসামি ভারতীয় নাগরিক। তিনি ঘটনা সম্পর্কে কিছু জানেন না। ব্যাগেজ বিধিমালা আইন অনুযায়ী ২০০ গ্রাম সোনা অথবা রুপা বহন করতে পারেন। কিন্তু এ ক্ষেত্রে আসামিকে শুল্ক পরিশোধের সুযোগ দেওয়া হয়নি। তাই আসামি জামিন পেতে পারেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, এই মামলায় হীরার অলংকার উদ্ধার রয়েছে। আসামি একজন বিদেশি নাগরিক। এ পর্যায়ে আসামিকে জামিন দেওয়া হলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে।