হুংকার বাদ দিয়ে গণতন্ত্রের পথে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে গণতন্ত্রের পথে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘হুংকার বাদ দেন। গণতন্ত্রের পথে আসেন। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনে সুড়সুড় করে আসবেন, আসতে বাধ্য হবেন।’
গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী যুবলীগ আয়োজিত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মতিয়া এসব কথা বলেন। ‘যেকোনো মূল্যে সরকারের পতন ঘটাতে হবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের বিষয়ে মতিয়া বলেন, ‘আপনি পারেন নাই, এখন গুঁড়াগাড়া পোলাপান নিয়া হুকুম দিতাছেন। অনর্থক এই কোমলমতি বাচ্চাদের মাথাটা খাইয়েন না।’
৫ জানুয়ারি ঘিরে বিএনপির কর্মসূচি ঘোষণার বিষয়ে খালেদা জিয়ার সমালোচনা করেন মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আপনার কী অবস্থা! তারিখ দিয়ে তারিখ রক্ষা করতে পারেন না। ৫ তারিখে নাকি আপনি সবকিছু কাঁপাইয়া দিবেন। তা এখন আবার ৭ তারিখ গেছেন কেন? এখনো ৫ তারিখের হুংকার দিয়া ৭ তারিখ নিছেন।’
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মাহবুবুর রহমান, আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।
হাছান মাহমুদের সংবাদ সম্মেলন
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের হত্যার বিষয়ে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সাম্প্রদায়িক শক্তি ও জামায়াত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর এই অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি।’ গতকাল আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির আমলে আমাদের দলীয় সাংসদ শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়। এতে বিএনপি নেতারা জড়িত, তা প্রমাণিত।’