গমের হুইটব্লাস্ট রোগ প্রতিরোধ করতে নতুন জাতের গম বাজারে আনছে যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। তবে আপৎকালীন ব্যবস্থা হিসেবে তারা চারটি জাতের গম চাষে কৃষকদের পরামর্শ দিয়েছে, যাতে এই রোগের আক্রমণ খুবই কম। আর হুইটব্লাস্ট রোগের প্রকোপ সবচেয়ে বেশি হওয়ায় বারি-২৬ জাতের গম চাষে নিরুৎসাহিত করছে কেন্দ্র।
জানতে চাইলে যশোর গম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গমের হুইটব্লাস্ট রোগটি আমাদের দেশে একেবারেই নতুন। গত বছর গমে এই রোগ দেখা দেওয়ার পর গবেষণা শুরু হয়েছে।’ হুইটব্লাস্ট রুখতে গমের নতুন একটি জাত উদ্ভাবনের বিষয়ে নিশ্চিত করেন তিনি। বিষয়টি এখনো মূল্যায়ন পর্যায়ে থাকায় বিস্তারিত জানাতে চাননি তিনি।
তবে গবেষণা কেন্দ্রের একটি সূত্রে জানা যায়, গমের নতুন উদ্ভাবিত জাতটির সিরিয়াল নম্বর বিএডব্লিউ-১২৬০। এটির সম্ভাব্য নাম হবে ‘বারিগম-৩১’। হুইটব্লাস্ট প্রতিরোধী এই জাত এখন মূল্যায়ন পর্যায়ে আছে। এই জাত আবাদে আসতে আরও দুই বছর সময় লাগবে।
গত বছর হাতে গোনা যে কয়টি জেলায় হুইটব্লাস্ট রোগ দেখা দিয়েছিল, তার মধ্যে যশোর একটি। যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অধীনে গম গবেষণা কেন্দ্রই এখন পর্যন্ত দেশের একমাত্র প্রতিষ্ঠান, যেখানে এ রোগ নিয়ে গবেষণা চলছে।
রবিউল ইসলাম বলেন, বারিগম-২৭, বারিগম-২৮, বারিগম-২৯ ও বারিগম-৩০ জাতে হুইটব্লাস্ট রোগের আক্রমণ অনেক কম বলে তাঁদের গবেষণায় দেখা গেছে। ফলে আগামী বছর কৃষকদের এই জাতগুলো আবাদের জন্য পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি গত বছর বারিগম-২৬ জাতে হুইটব্লাস্টের আক্রমণ ছিল ভয়াবহ। তাই এ গমের চাষ না করতে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তাঁরা।
কৃষিবিদেরা বলছেন, গমের হুইটব্লাস্ট রোগটি মূলত ব্রাজিলের একটি রোগ। গত মৌসুমে প্রথম বাংলাদেশের গমখেতে এই রোগ দেখা দেয়। ছয়টি জেলার গমখেতে এই রোগ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এর মধ্যে যশোরও ছিল। সম্পূর্ণ অপরিচিত এই রোগ দেখা দেওয়ায় কৃষকেরা মারাত্মক ক্ষতির শিকার হন।
মূলত গমের শিষ বের হওয়ার সময় হুইটব্লাস্ট রোগের প্রকোপ দেখা দেয়। প্রথমে শিষের নিচের অংশে গলায় এ রোগ আক্রমণ করে। আক্রান্ত গলা কালো হয়ে যায়। এ কারণে শিষে গমের দানা পুষ্ট হয় না। সূত্র জানায়, কৃষকেরা মূলত বারিগম-২৬ জাতটি বেশি পরিমাণে চাষ করেন। ওই জাতের গমে হুইটব্লাস্ট ব্যাপক আকারে আক্রমণ করে।
অধিদপ্তরের যশোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. এমদাদ হোসেন বলেন, গত বছর প্রথম গমখেতে হুইটব্লাস্ট রোগ দেখা দেয়। এ কারণে তাঁরা পরিস্থিতি ঠিকমতো বুঝে উঠতে পারেননি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তবে পরবর্তী সময়ে কৃষক যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী হাবিবুর রহমান বলেন, ‘গত বছর অনেক গমখেত নষ্ট হয়ে গিয়েছিল বলেই এবার আমরা গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করেছি। পাশাপাশি কৃষকদের ভুট্টা চাষে উৎসাহিত করেছি। ফলে ভুট্টা চাষ অনেকটা বেড়েছে। অনেক কৃষক জমিতে বোরোর চাষও করেছেন। গম চাষের জমি পতিত থাকেনি। বোরো ও ভুট্টা দিয়ে গমের ক্ষতি পুষিয়ে নেওয়া হয়েছে।’
যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উভয়ই বলছে, এ বছর জেলায় স্বল্প জমিতে গমের চাষ হলেও এর একটা অংশ হুইটব্লাস্টে আক্রান্ত হয়েছে। তাদের হিসাবমতে, এবার জেলায় মোট ১ দশমিক ৮৫ হেক্টর জমির গমখেতে এ রোগ দেখা দেয়। এর মধ্যে সদর উপজেলায় এক হেক্টর, চৌগাছা উপজেলা শূন্য দশমিক ৫০ হেক্টর, বাঘারপাড়া উপজেলা শূন্য দশমিক ২৮ হেক্টর এবং শার্শা উপজেলা শূন্য দশমিক ০৭ হেক্টর জমি রয়েছে।