শেরপুরে জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চন্দন কুমার পালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ এম পারভেজ রহিম গত সোমবার এই নোটিশ পাঠিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, জেলা পরিষদ নির্বাচনের বিধিমালা ভঙ্গ করে আতিউর রহমান ও চন্দন কুমার পাল নির্বাচনী শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। সোমবার রাতে ওই দুজনের কাছে নোটিশ পৌঁছানো হয়েছে।
নোটিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর শেরপুর জেলা পরিষদের নির্বাচন। ২০ নভেম্বর নির্বাচন কমিশন এ-সংক্রান্ত বিধিমালা জারি করে। বিধিমালা অনুযায়ী, তফসিল ঘোষণার পর যেকোনো ধরনের শোভাযাত্রা নিষেধ এবং সরকারের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না।
কিন্তু গত রোববার দুপুরে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে চন্দন কুমারকে বহনকারী খোলা জিপে এবং শতাধিক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রার সামনে জাতীয় পতাকাবাহী সরকারি গাড়িতে হুইপ আতিউরকে দেখা গেছে। তিনি পরে জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় পথসভায় চন্দন পালের পক্ষে বক্তব্য দেন। এ নিয়ে সোমবার প্রথম আলোয়সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল বিকেলে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও আতিউর রহমান ও চন্দন পাল ফোন ধরেননি।