হুইপ আতিউর রহমানের আয় সম্পদ দুটোই বেড়েছে

শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমানের কৃষিজমি বেড়েছে প্রায় তিন গুণ। এ ছাড়া গত পাঁচ বছরে তাঁর আয় ও সম্পদ দুটোই বেড়েছে। তবে মৎস্য উৎপাদন ও বিক্রি করে তাঁর আয় আগের তুলনায় এক–তৃতীয়াংশের বেশি কমে গেছে। একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
তবে এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের বিভিন্ন প্রচার-প্রচারণায় আতিউর রহমান নিজেকে ‘দুখিনী মায়ের সন্তান’ হিসেবে দাবি করে বক্তৃতা করতেন, চাইতেন সাধারণ মানুষ ও ভোটারদের সহানুভূতি ও সহমর্মিতা। ওই সময় বিভিন্ন সভা-সমাবেশে নিজের সহজ-সরল জীবনযাপনের কথা বর্ণনা করে নিজেকে একজন অর্থবিত্তহীন মানুষ হিসেবে দাবি করতেন তিনি। সদরের ভোটাররাও তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করেন। কিন্তু সেই সাংসদ আতিউর এখন বিপুল বিত্তবৈভবের মালিক। বহুতলবিশিষ্ট বাড়ি এবং গাড়ি সবই আছে তাঁর এখন। তাঁর হলফনামা সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া থেকে আতিউর রহমানের কোনো আয় ছিল না। কিন্তু ২০১৪ ও ২০১৮ সালে এই খাতে তাঁর বার্ষিক আয় হয় যথাক্রমে ৫ লাখ ৯১ হাজার ৫১৭ টাকা ও ১১ লাখ ৪ হাজার টাকা। একইভাবে ২০০৮ সালে চাকরি (সম্মানী ভাতা) খাতে তাঁর কোনো আয় ছিল না। কিন্তু ২০১৪ ও ২০১৮ সালে এই খাতে তাঁর আয় হয় যথাক্রমে ৩ লাখ ৩০ হাজার টাকা ও ১১ লাখ ৪ হাজার টাকা। ২০১৪ সালে মৎস্য উৎপাদন ও বিক্রি করে তাঁর আয় হয় ১ কোটি টাকা। কিন্তু ২০১৮ সালে তা কমে দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা।
হলফনামায় উল্লেখ করা অস্থাবর সম্পদের তথ্যানুযায়ী দেখা যায়, ২০০৮ এবং ২০১৪ সালে হাতে ও ব্যাংকে নগদ টাকা ছিল যথাক্রমে ১১ লাখ ৩২ হাজার ৯৭ টাকা এবং ১৯ লাখ ১৪ হাজার ৩০৯ টাকা। আর ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২১ লাখ ৫০ হাজার ২১৬ টাকা। ২০০৮ এবং ২০১৪ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ছিল যথাক্রমে ৩ হাজার টাকা এবং ৪ লাখ ২৩ হাজার ৬০৯ টাকা। আর ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ টাকায়। ২০০৮ ও ২০১৪ সালে পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে আতিউরের নিজের নামে কোনো বিনিয়োগ ছিল না। কিন্তু ২০১৮ সালে তাঁর মেয়াদি জমা আছে ১২ লাখ ১০ হাজার ৪২৭ টাকা।
২০০৮ সালে আতিউরের বাস, ট্রাক, মোটরগাড়ি বা মোটরসাইকেল ছিল না। তবে ২০১৪ সালে ৫৮ লাখ টাকা মূল্যের জিপগাড়ি ও ২০১৮ সালে ৭৮ লাখ টাকা মূল্যের মোটরগাড়ি থাকার কথা হলফনামায় উল্লেখ করা হয়।
স্থাবর সম্পদের তথ্যে দেখা যায়, ২০০৮ সালে আতিউরের কৃষিজমির পরিমাণ ছিল ৪৩৪ শতাংশ। ওই সময়ে ওই জমির আর্থিক মূল্য ছিল ১৫ লাখ ৯৬ হাজার ১০০ টাকা। ২০১৪ সালে কৃষিজমির পরিমাণ দাঁড়ায় ৬৪৮ শতাংশ। ওই সময় এর মূল্য বলা হয় ৩০ লাখ ৩৪ হাজার ৬৬০ টাকা। আর ২০১৮ সালে কৃষিজমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ শতাংশ। যার আর্থিক মূল্য উল্লেখ করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৭২ হাজার ৪০ টাকা। অর্থাৎ ১০ বছরে আতিউরের কৃষিজমির পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ।
২০০৮ সালের হলফনামা অনুযায়ী আতিউর রহমানের অকৃষিজমির পরিমাণ ছিল পাঁচ কাঠা (বরাদ্দকৃত প্লট)। এর মূল্য ছিল ১৬ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। ২০১৪ সালের হলফনামায় পাঁচ কাঠা জমির বরাদ্দকৃত প্লটের মূল্য ছিল ২২ লাখ ৯১ হাজার ৫০০ টাকা। ওই সময়ে আরেকটি ৩৫ শতাংশ জমির মূল্য ধরা হয়েছে ৫ লাখ ২০ হাজার টাকা।
অপরদিকে ২০১৮ সালের হলফনামায় ৩৫ শতাংশ ভূমির ওপর ৩৪৫ বর্গমিটারের ছয়তলা বাড়ি ও ২০৬ বর্গমিটারের তিনতলা বাড়ির কথা উল্লেখ আছে। যার মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৪১ হাজার ৭৪৫ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭–এর ১৫ ধারায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার তথ্য গোপনের অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মামলা দায়ের করে। পরে অবশ্য ওই মামলাটি খারিজ হয়ে যায়।