হুইপ আতিউরের বিরুদ্ধে ফের অভিযোগ
জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমানের বিরুদ্ধে আবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হুমায়ুন কবীর জেলা শহরের খরমপুর এলাকায় অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
হুমায়ুনের অভিযোগ, আতিউর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে বিজয়ী করার জন্য বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের টিআর, জিআর ও কাবিখা বরাদ্দ দেওয়ার প্রলোভন অব্যাহত রেখেছেন। সেই সঙ্গে সরকারি সুবিধাভোগী ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি (আতিউর) সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করে ভোট প্রার্থনা করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আতিউর রহমান বলেন, কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম বা প্রচারণায় তিনি জড়িত নন। সুতরাং আচরণবিধি লঙ্ঘনের প্রশ্নই ওঠে না। তিনি সরকারি সফরসূচি অনুযায়ী শেরপুরে এসেছেন। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।