হুইপ সামশুল হক চৌধুরীর বিদেশে যেতে বাধা নেই
হুইপ সামশুল হক চৌধুরীর বিদেশে যেতে নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করে নিম্ন আদালতের দেওয়া আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এর ফলে সামশুল হক চৌধুরীর বিদেশে যেতে আর বাধা নেই বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।
ক্যাসিনো ব্যবসার মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় পাচার, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন–সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলমান উল্লেখ করে সামশুল হক চৌধুরীসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের কর্মকর্তা নিম্ন আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে গত ৮ জুন ঢাকার একটি আদালত আবেদন মঞ্জুর করেন।
ওই আদেশের বৈধতা নিয়ে সামশুল হক চৌধুরী রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান, সঙ্গে ছিলেন আইনজীবী হারুন–উর–রশিদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।
পরে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন স্পোর্টিং ক্লাবে অভিযান চালানো হয়। সামশুল হক চৌধুরী চট্টগ্রাম আবাহনী ক্লাবের জেনারেল সেক্রেটারি। চট্টগ্রাম আবাহনী ক্লাব থেকে এক প্যাকেট প্লেয়িং কার্ড উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য সামশুল হক চৌধুরীকে ডাকা বা কোনো নোটিশও দেওয়া হয়নি দুদক থেকে। অথচ অনুসন্ধানের কথা বলে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞার অনুমতি চেয়ে ঢাকার দায়রা জজ আদালতে আবেদন করে দুদক। গত ৮ জুন আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এই আদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। স্থগিতাদেশের ফলে তাঁর বিদেশ যেতে কোনো বাধা নেই।