হুইপকে হত্যাচেষ্টার অভিযোগ সত্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দারকে হত্যাচেষ্টার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে ওই ঘটনায় গ্রেপ্তার তরুণ মিশন ইসলামের পরিবার। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হুইপ সোলায়মান হক জোয়ার্দার স্থানীয় একটি ক্লাব থেকে বাড়ি ফেরার পথে চারজন তরুণ তাঁকে অনুসরণ করেন। হুইপের সঙ্গে থাকা দলীয় লোকজন তাঁদের ধাওয়া করে একজনকে হাতেনাতে ধরে ফেলেন। আটক যুবকের কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর অস্ত্রসহ যুবকটিকে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবারের ওই ঘটনায় চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার বাসিন্দা ছাত্রলীগের কর্মী আবদুর রহমান শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যাচেষ্টার অভিযোগে দণ্ডবিধির ৩০৭ ধারায় একটি মামলা করেন। মামলায় মিশন ইসলাম ছাড়াও জিনতলাপাড়ার তাছের আলীর ছেলে নিজাম শিকদার (২২), জনি ওরফে অনিক (২৩) ও অজ্ঞাতনামা এক তরুণকে আসামি করা হয়।
গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিশনের দাদি সুফিয়া বেগম, নানি কুলসুম বেগম ও ফুপু মনিরা খাতুন। সুফিয়ার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান মনিরা খাতুন।
লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে, মিশন ইসলামের বয়স ১৪ বছর। সে মাছের বাজারে পানি টানার কাজ করে। শুক্রবার কাজ শেষে বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি ফেরে। গোসল করা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সে ভাত না খেয়ে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। এরপর দাদি সুফিয়া তাকে খুজতে বের হন। বিকেল সোয়া পাঁচটার দিকে রাহেলা স্কুল (রাহেলা খাতুন গার্লস একাডেমি) পার হওয়ার পর তিনি দেখতে পান, তাঁর চোখের সামনেই কয়েকটি মোটরসাইকেলে বেশ কিছু যুবক মিশনকে জোর করে তুলে নিয়ে যান। কিছুক্ষণ পর সুফিয়া বিভিন্ন মানুষের কাছে শুনতে পান, নাতি মিশন হুইপ মহোদয়কে হত্যাচেষ্টা চালিয়েছে।
এক প্রশ্নের জবাবে সুফিয়া বেগম জানান, মিশনের বয়স যখন ১৭ মাস, তখন তার মা মারা যান। বাবা অনেকটা অপ্রকৃতিস্থ। তাই তিনি (সুফিয়া) নিজে কষ্ট করে বড় করছেন।
মামলার বিষয়ে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।