হুইপের এপিএসের বাবাকে কমিটির সভাপতি না করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের হুইপ আবদুল ওহাবের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) আবদুল লতিফের বাবাকে যশোরের কেশবপুরের বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত না করায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। গত শুক্রবার কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা ওই এপিএসের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক শাজাহান আলী অভিযোগ করেন, ‘আবদুল লতিফ আমাকে তাঁর বাবা মোসলেম উদ্দীনকে কমিটির সভাপতি করার জন্য বলেন। কিন্তু গত ১২ মে পরিচালনা কমিটির সভায় আবদুস সামাদকে সভাপতি করার প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়। সভায় কমিটির নয়জন সদস্যই উপস্থিত ছিলেন। সে অনুযায়ী গত ১৬ মে এ-সংক্রান্ত সব কাগজ তিনি যশোর শিক্ষা বোর্ডে জমা দেন। এ খবর জানতে পেরে আবদুল লতিফ আমাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন।’

পরিচলনা কমিটির সদস্য বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম অভিযোগ করেন, ‘গত বৃহস্পতিবার এপিএস লতিফ আমাকে তাঁর বুড়িহাটির বাড়িতে যেতে বলেন। আমি বেলা দেড়টার দিকে সেখানে গেলে লতিফ আমাকে বলেন, “আমি একটি সাদা কাগজ দিচ্ছি, এখানে আপনি লিখে দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন সঠিক প্রক্রিয়ায় হয়নি।” কিন্তু তা লিখতে রাজি না হওয়ায় তিনি আমাকে খাগড়াছড়ি অথবা বান্দরবান বদলি করা হবে এবং চাকরি হারাতে হবে বলে হুমকি দেন।’

 অপর সদস্য আবদুস সামাদ বিশ্বাস অভিযোগ করেন, তাঁকে লতিফ তাঁর বাড়িতে ডেকে নিয়ে বলেন, আপনাকে দুই টন গম দেওয়া হবে। আপনি বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সঠিক হয়নি বলে কাগজে লিখে দেন। গমের দরকার নেই বলে সেখান থেকে চলে আসেন তিনি।

এপিএস আবদুল লতিফ দাবি করেন, ‘বাবাকে পরিচালনা কমিটির সভাপতি করার বিষয়ে চাপ সৃষ্টি বা হুমকি দেওয়া তো দূরে থাক, তাঁদের সঙ্গে আমার কোনো প্রকার যোগাযোগই হয়নি। যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করছেন।’

শাজাহান আলী আরও অভিযোগ করেন, গত শুক্রবার জীবনের নিরাপত্তা চেয়ে কেশবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে বলেন, ‘আপনি কার সঙ্গে লড়তে চাচ্ছেন, পারলে সমঝোতা করে নেন—এ কথা বলে তিনি ডায়েরি নেননি।’

কেশবপুর থানার ওসি আবদুল জলিল বলেন, ‘আমি প্রধান শিক্ষককে বলেছি, আপনার কমিটির মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে ফেলুন। আমি জিডি নেব না বলিনি।’