হুইপের বক্তব্যে হতবাক সবাই
জাতীয় সংসদের হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজ পটুয়াখালীর বাউফল কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিষোদ্গার করেছেন। সেখানে তিনি স্থানীয় সাংবাদিকদের মোনাফেক ও কুলাঙ্গার বলে উল্লেখ করেন। গত মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে ওই পূজামণ্ডপ চত্বরে সাবেক পৌর মেয়র জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে তিনি আরও বলেন, ‘গত জোট সরকারের সময় যেসব সাংবাদিক নিগৃহীত ও অপমানিত হয়েছে, তাদের স্নেহ ও ভালোবাসা দিয়েছি। অথচ তারা আমার সাথে বেইমানি করেছে।’ এরপর তিনি পৌরসভার বকুলতলা এলাকায় একটি ও কালাইয়া বন্দর এলাকায় দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। সবগুলো পূজামণ্ডপে হুইপ সাংবাদিকদের বিষোদ্গার ও কটাক্ষ করে বক্তব্য দেন। কোনো কারণ ছাড়াই সাংবাদিকদের কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় উপস্থিত সবাই হতবাক হয়ে যান। ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় সাংবাদিক মহলেও। এ সময় হুইপের সফরসঙ্গী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাংগাঠনিক সম্পাদক মোশারেফ হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ, যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা ও সাংগাঠনিক সম্পাদক খলিলুর রহমান। দলীয় একটি সূত্র জানায়, গত ২২ মে বাউফল পৌরসভা নির্বাচনে হুইপ আ স ম ফিরোজ-সমর্থিত প্রার্থী হেরে যান। নির্বাচনের সময় পত্রিকায় লেখালেখির কারণে এলাকায় উপস্থিত থেকেও তিনি নির্বাচনে প্রভাব বিস্তারে ব্যর্থ হন।