চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনের সাংসদ হুইপ সোলায়মান হক জোয়ার্দারের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার একটি মামলায় ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
ছাত্রলীগের নেতা-কর্মী ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তালেবুর রহমানের শহরের মাস্টারপাড়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ২৬ জানুয়ারি ছাত্রলীগের ১৪ নেতা-কর্মী ও ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।
তালেবুর হুইপ সোলায়মানের সমর্থক হিসেবে পরিচিত। ওই মামলার ১১ আসামি গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মোহা. আমীনুল ইসলামের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচজনের জামিন মঞ্জুর করেন এবং বাকি ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন পাওয়া ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর, ডেভিড, সজল, জ্যাকি ও জনি। যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন তাপু, মাফি, তাওরাত, ওয়াসিম, রুবেল ও জাহিদ।
এ ছাড়া একই মামলার এজাহারভুক্ত আসামি পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিব ছাত্রলীগ কর্মী খালিদ হাসানের করা মামলায় কারাবন্দী থাকায় তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিক্ষোভ: ছয় আসামিকে বিচারকের এজলাস থেকে হাতকড়া পরিয়ে কোর্টহাজতে নেওয়ার সময় তাঁরা হুইপ সোলায়মানের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এদিকে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে এবং ওই মামলাকে মিথ্যা ও
ষড়যন্ত্রমূলক দাবি করে সঙ্গে সঙ্গে সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা শহর ঘুরে কোর্ট মোড়ে সমাবেশ করেন।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী ওরফে জিপু বলেন, ‘চুয়াডাঙ্গার একটি স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিস্বার্থের কারণে দুঃসময়ের নেতা-কর্মীদের জেলখানায় রেখে অন্যায় অত্যাচার করতে চায়। তাই আমরা বলতে চাই, জেলখানায় আটকে রেখে দমিয়ে রাখা যাবে না।
আমাদের ছাত্র ভাইদের যতক্ষণ পর্যন্ত জেলখানায় আটকে রাখা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন-সংগ্রাম করে যাব। প্রয়োজনে চুয়াডাঙ্গা শহরকে অচল করে দেওয়া হবে।’
জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দিন ওরফে দুদু বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের জেলখানায় রেখে আপনি মিয়া (সোলায়মান হক জোয়ার্দার) বেশি দিন চুয়াডাঙ্গায় রাজনীতি করতে পারবেন না।’ নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে শরিফ বলেন, ‘কোনো ভয় পাওয়ার দরকার নেই। একটা মামলা, দুটো মামলা প্রয়োজনে ১০০টা মামলা খেতে প্রস্তুত আছি, তবু ওই রাজাকার বাহিনী ওই স্বার্থান্বেষী মহল, ওই পরিবারতন্ত্র এই চুয়াডাঙ্গা থেকে উৎখাত না করে রাজপথ থেকে সরব না।’