জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজের বিরুদ্ধে পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তিনজন মেয়র প্রার্থী। গত শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে তাঁরা এ অভিযোগ দেন।মেয়র প্রার্থী কাজী ফরিদুজ্জামান (দেয়ালঘড়ি), জিয়াউল হক (তালা) ও নিজাম উদ্দিন খানের (কাপ-পিরিচ) সই করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আ স ম ফিরোজ তফসিল ঘোষণার পর সরকারি সফরের নামে দুই বার বাউফলে এসে তাঁর সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়ার (দোয়াত-কলম) পক্ষে প্রচারণা চালিয়েছেন। ১৪ মে তৃতীয়বারের মতো তিনি বাউফল সফর করবেন।অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তৃতীয়বারের এ সফরে আ স ম ফিরোজ তাঁর সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে কৌশলে প্রচারণায় অংশ নেওয়াসহ প্রভাব বিস্তার করতে পারেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাঁরা বাউফলে তাঁর সরকারি সফর বাতিল করার দাবি জানান। এ অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।অভিযোগের বিষয়ে আ স ম ফিরোজ বলেন, ‘আমি এলাকায় গিয়ে কোনো প্রচারণা চালাইনি। এলাকায় গেলে নেতা-কর্মীরা আমার সঙ্গে দেখা করতে আসেন। আর ১৪ থেকে ২৩ মে পৌর এলাকায় আমার কোনো কর্মসূচি নেই। পৌর এলাকার বাইরের কয়েকটি বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সঙ্গে আমার বৈঠক করার কথা রয়েছে।’ইউএনও আবুল কালাম আজাদ জানান, তিনজন প্রার্থীর অভিযোগ তিনি পেয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।