জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন গতকাল সোমবার শহরের খরমপুরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ইলিয়াছ উদ্দিন অভিযোগ করে বলেন, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ছানুয়ার হোসেনকে বিজয়ী করতে হুইপ আতিউর রহমান কাজ করছেন। হুইপ আচরণবিধি লঙ্ঘন করে ২১ সেপ্টেম্বর কামারিয়া ইউনিয়নে এক লাখ ৮০ হাজার টাকা সরকারি অনুদান হিসেবে বিতরণ করেছেন। সেই সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তা-ই নয়, ছানুয়ারকে বিজয়ী করতে হুইপ দলীয় সমর্থক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রার্থী আরও অভিযোগ করেন, উপজেলার ১৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩টিই ঝুঁকিপূর্ণ। সরকারি দলের কর্মীরা এসব কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে নির্বাচনী ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য অপতৎপরতা চালাচ্ছেন। তিনি সুষ্ঠু ও অবাধ পরিবেশে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার আবেদন জানিয়েছেন।
হুইপ আতিউর রহমান বলেন, তিনি গত রোববার কামারিয়া ইউনিয়নে কোনো অনুদান বিতরণ করেননি। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওই দিন মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীন ২৯টি সমিতির মধ্যে ১১ লাখ টাকার চেক বিতরণ করেন। নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগও তিনি অস্বীকার করেছেন।