হুইলচেয়ার পেল আলমডাঙ্গার আট শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সাতটি বিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে এই হুইলচেয়ার দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এসব শিশুর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান।
উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সুমন আলী কখনো বাবা আবার কখনো মায়ের কোলে চড়ে স্কুলে আসত। হুইলচেয়ার পাওয়ায় এখন অন্যের সহযোগিতা ছাড়াই যাতায়াত করতে পারবে।
সুমনের মতো চিলাভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নাজমা খাতুনকে দুই কিলোমিটার দূরের জাহাপুর গ্রাম থেকে বাবা বা মায়ের সঙ্গে আসতে হতো। এভাবে তিন বছর যাতায়াত করছে সে। হুইলচেয়ার পেয়ে তাই তাদের চোখেমুখে ফুটে ওঠে খুশির ঝিলিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী অরুণ ও শামীম আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমুখ।
শিক্ষা কর্মকর্তা আবু হাসান জানান, এখন থেকে প্রতিবছর প্রতিবন্ধী শিশুদের এভাবে সহায়তা উপকরণ দেওয়া হবে।