হুইলচেয়ার ও কাপড় বিতরণ
চাঁদপুরের শাহরাস্তিতে প্রতিবন্ধী শিশু ও দুস্থ মানুষের মধ্যে হুইলচেয়ার ও কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মানব কর্ম সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার উপজেলার কালিয়াপাড়ার কার্যালয়ে ওই সব বিতরণ করা হয়। আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন দুস্থ, অসহায় মানুষের মধ্যে কাপড় বিতরণ ও একটি প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দেওয়া হয়। সংস্থার শাহরাস্তি শাখার ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেন। সংস্থার শাখা কার্যালয়ের কর্মসূচি কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান, টামটা উ. ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. দিদার হোসেন পাটওয়ারী, সহসভাপতি মো. জামাল হোসেন, টামটা দ. ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মো. ফারুক হোসেন পাটওয়ারী, প্রধান কার্যালয়ের কর্মসূচি কর্মকর্তা আবু তাহের, হিসাবরক্ষক মো. ইউসুফ আলী সরকার প্রমুখ।