হুইলচেয়ারে এসে পুরস্কার নিলেন সেরা গীতিকার

টাঙ্গাইলের মধুপুর থেকে মা ও বড় ভাইকে সঙ্গে নিয়ে এসেছেন হারুনুর রশীদ। আট বছর হলো একা পথ চলতে পারেন না, হুইলচেয়ারই ভরসা। গান লেখার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এই তরুণ। ঢাকায় থাকার জায়গা নেই বলে গতকাল দুপুরের গাড়িতে রওনা দিয়েছেন টাঙ্গাইল থেকে। অনেক গান হারিয়ে গেছে তাঁর। ভেবেছিলেন, কে শুনবে তাঁর গান। জীবনের জয়গান সেই ভাবনাকে মিথ্যা করে দিয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে ছিল ‘ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেলিব্রেটিং লাইফ ২০১৬’-এর পুরস্কার বিতরণী। তরুণ গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রী অন্বেষণের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
জীবনের জয়গানের এবারের আয়োজন শুরু হয় তরুণ প্রজন্মের নায়ক ২০ বছর বয়সী ফারাজ আইয়াজ হোসেন স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। গুলশানের হলি আর্টিজানে বর্বর সন্ত্রাসী হামলায় নিহত ফারাজ হোসেন শুধু বাংলাদেশই নয়, দেশের বাইরের বহু তরুণের নায়ক। বন্ধুদের জন্য জীবন উৎসর্গ করা বাংলাদেশি তরুণকে সম্প্রতি দেওয়া হয়েছে মাদার তেরেসা পুরস্কার। সেলিব্রেটিং লাইফের এই আসরে আজীবন সম্মাননা গ্রহণ করেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, সুরস্রষ্টা আলম খান ও চিত্রগ্রাহক রেজা লতিফ। তিনি বলেছেন, ‘পুরস্কার নতুন একটা দায়িত্ব বাড়িয়ে দেয়। আমি আপ্লুত, অভিভূত।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী আবরার এ আনোয়ার, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, রুনা লায়লা, অভিনয়শিল্পী ববিতা, চম্পা, আলী যাকের, সারা যাকের, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, রোকেয়া প্রাচী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
আসাদুজ্জামান নূর বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে কত প্রতিভা ছড়িয়ে আছে তা এই আয়োজন দেখলেই বোঝা যায়। শুধু সুযোগের প্রয়োজন, দরজাটা খোলা রাখতে হয়। ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেই কাজটি করছে। এই দুটি প্রতিষ্ঠানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’
এ বছর সেলিব্রেটিং লাইফে তিনটি বিভাগে ১২ জন আলোকচিত্রে, তিনজন গীতি কবিতায় ও তিনজন চলচ্চিত্রে পুরস্কার পান। প্রত্যেকের হাতে সম্মাননা, ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষে গান করেন তাহসান, অর্ণব, ব্যান্ড চিরকুট ও জলের গান।